
ফাইল ছবি।
শেষ আপডেট: 14 May 2024 22:57
দ্য ওয়াল ব্যুরো: বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধেয় উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানা এলাকায়। ঘটনাটি ঘটেছে, ভাঙড়ের ভোগালি এলাকায়। তবে হতাহতের কোনও খবর জানা যায়নি।
তৃণমূলের অভিযোগ, ভোগালি এলাকার স্থানীয় বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে এদিন সন্ধেয় বেশ কয়েকটি বোমা ছোড়ে আইএসএফের দুষ্কৃতীরা। যার জেরে এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
অভিযোগ উড়িয়ে আইএসএফের স্থানীয় নেতৃত্বর দাবি, ভোটের আগে মিথ্যে অভিযোগ এনে পরিকল্পিতভাবে হিংসার পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। একই সঙ্গে আইএসএফ নেতৃত্বর দাবি, যদি বোমাবাজির কোনও ঘটনা ঘটেও থাকে তাহলে সেটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এর সঙ্গে আইএসএফ কোনওভাবেই জড়িত নয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ভাঙড় থানা সূত্রের খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আগামী ১ জুন সপ্তম দফায় রাজ্যের উত্তর ও দক্ষিণ কলকাতা, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম , বারাসত, বসিরহাটের সঙ্গে ভোট হবে যাদবপুরেও। যাদবপুর লোকসভার অধীনেই রয়েছে ভাঙড়।
যাদবপুরে এবারে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। বাম প্রার্থী রয়েছেন সৃজন ভট্টাচার্য, বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এরই পাশাপাশি যাদবপুরে প্রার্থী দিয়েছে আইএসএফও। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে আইএসএফের হয়ে ভোট লড়ছেন আইনজীবী নূর আলম খান।
তৃণমূলের অভিযোগ, বিজেপিকে সুবিধে করে দিতে বোমাবাজি করে ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে আইএসএফ। অন্যদিকে আইএসএফের অভিযোগ, হিংসার পরিবেশ তৈরি করে এলাকায় আতঙ্ক ছড়াতে চাইছে তৃণমূল।