উৎসবের আনন্দে যেমন মিষ্টির গন্ধ, তেমনই আছে বাজারের তেতো বাস্তবতা। ভাইফোঁটার হাসির পেছনে তাই লুকিয়ে রয়েছে হেঁসেলের অঙ্ক— যতটা আবেগ, ততটাই হিসেব।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 21 October 2025 17:54
দ্য ওয়াল ব্যুরো: ভাইয়ের কপালে ফোঁটা (Bhaidooj 2025), মুখে মিষ্টি— এ যেন বাঙালির ঘরোয়া উৎসবের চিরাচরিত ছবি। কিন্তু এ বছর সেই ছবিতে ধাক্কা খাচ্ছে মুদ্রাস্ফীতির ছায়া। বাজারের অগ্নিমূল্যের দৌলতে (Market Price) যমের দুয়ারে নয়, কাঁটা পড়ছে সরাসরি হেঁসেলে!
সোমবার ছিল কালীপুজো। তবে বুধবার নয়, অধিকাংশ বাড়িতে এবারে বৃহস্পতিবারই হবে ভাইফোঁটা। তার জেরে মঙ্গলবার থেকেই নতুন করে চড়ছে সবজি থেকে মাছ-মাংস, এমনকি মিষ্টির দামেও। ফলে এবারের ভাইফোঁটা অনেকের কাছেই আর আগের মতো ‘ঘটা করে’ নয়, বরং ‘নমো-নমো’ করেই সারতে হচ্ছে উৎসব।
এক মহিলা ক্রেতা বললেন, “ভাইফোঁটার দিন ভাইয়ের মুখে সেরা খাবার তুলে দিতে চাই। কিন্তু বাজারে যা দাম, তাতে পাতে কী দেব, সেটাই ভাবছি!”
লক্ষ্মীপুজোর পর দিন পনেরো কাটতে না কাটতেই আবারও দাম বেড়েছে প্রায় সব সবজিরই। রাজ্যের প্রায় সব বাজারে একই ছবি। আলু: প্রতি কেজি ২০-২২ টাকা, পেঁয়াজ: ৫০-৬৫ টাকা, পটল: ৬০-৮০ টাকা, বেগুন: ৮০-১০০ টাকা, টমাটো: ৬০-৮০ টাকা, কাঁচালঙ্কা: ১২০-১৫০ টাকা, বাঁধাকপি: ৪০ -৬০ টাকা, ফুলকপি: ৩৫-৬০ টাকা প্রতি পিস।
এক ক্রেতার আক্ষেপ, “সবজির ঝুড়ি তুলতেই পকেট হালকা হয়ে যাচ্ছে। এখন ভাইফোঁটার দিনে রান্নার আগে হিসেব মেলাতেই মাথায় হাত!”
মাছ-মাংসের বাজারেও হাহাকার! হেঁসেলের বাজেটে সবচেয়ে বড় ধাক্কা মাছ-মাংসে। কাটা রুই: ৩৫০ টাকা, গোটা রুই: ২৫০ টাকা, কাটা কাতলা: ৪০০ টাকা, গোটা কাতলা: ৩০০ টাকা, পমফ্রেট: ৪০০-৬০০ টাকা, বড় ইলিশ: ১৮০০ টাকা, ছোট ইলিশ: ৮০০ টাকা, চিতল: ১২০০ টাকা, তেলাপিয়া: ১৬০ টাকা, মুরগি: ১৮০-২৫০ টাকা, মাটন: ৮৮০-৯৮০ টাকা!
বাজারে গিয়ে এক বোনের হতাশ মন্তব্য, “এ দামে মাছ-মাংস কিনলে আর ভাইয়ের জন্য মিষ্টি কেনা যাবে না!”
মিষ্টির দোকানেও দাম বাড়ছে হু-হু করে। দুধ, চিনি ও শ্রম খরচ বৃদ্ধির জেরে রসগোল্লা, সন্দেশ, ল্যাংচা— সবকিছুরই দাম এখন আগের তুলনায় ১০–১৫% বেশি। ফলে মাছ-সবজি কেনার পর মিষ্টি তুলতেই ঘাম ছুটছে মধ্যবিত্তের।
সব মিলিয়ে, উৎসবের আনন্দে যেমন মিষ্টির গন্ধ, তেমনই আছে বাজারের তেতো বাস্তবতা। ভাইফোঁটার হাসির পেছনে তাই লুকিয়ে রয়েছে হেঁসেলের অঙ্ক— যতটা আবেগ, ততটাই হিসেব।