
শেষ আপডেট: 18 October 2023 17:05
দ্য ওয়াল ব্যুরো: শহর হোক বা মফস্বলের মানুষ, কলকাতায় প্যান্ডেল হপিংয়ে বেরোলে উত্তর কলকাতার ঠাকুর কেউই মিস করেন না। দক্ষিণ কলকাটার বিখ্যাত সব পুজোর সঙ্গে পাল্লা দিয়ে দুর্দান্ত থিমের পুজো হয় উত্তর কলকাতাতেও। এবারের পুজোয় উত্তর কলকাতার কোন কোন ঠাকুর দেখবেন তার পরিকল্পনা কি করা হয়ে গেছে? সে প্ল্যান হোক বা না হোক, আজ দ্য ওয়াল আপনাদের জন্য উত্তরের কয়েকটি সেরা পুজোর হদিস দিচ্ছে। সবে তো চতুর্থী, হাতে এখনও ৬ দিন বাকি। তার মধ্যে এই পুজোগুলো না দেখলে কিন্তু একদম চলবে না। থিম পুজোর সঙ্গেই এইসব প্যান্ডেলে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া।
১) কুমোরটুলি পার্ক
কুমোরটুলি পার্ক দুর্গোৎসব কমিটি এবারে পা দিল ৩১ বছরে। তাদের এবারের থিম 'অ্যাম্বিশন' অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষা। ছোট থেকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে দেখতে বড় হয়ে ওঠার যে যাত্রা, সেটিই তুলে ধরা হয়েছে এবারের মণ্ডপসজ্জায়। কারও বড় হওয়ার সঙ্গে মিশে রয়েছে অনেক সংগ্রাম, আবার কারও বড় হয়ে স্বপ্নকে ছুঁয়ে ফেলার গল্প কেবলই সুখের। সেই ভাবনাকেই কাজে লাগিয়ে এবারে মণ্ডপ সাজিয়েছেন শিল্পীরা।
২) আহিরিটোলা সর্বজনীন
আহিরিটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো এবার পা দিল ৮৪তম বর্ষে। তাদের এবছরের ভাবনা 'অবিনশ্বর' অর্থাৎ বিনাশ নেই যার। এই ভাবনাকেই শিব-শক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জায়। উত্তর কলকাতায় যাবেন, আর আহিরিটোলার পুজো একবার দেখে আসবেন না তা কি হয়?
৩) কুমোরটুলি সর্বজনীন
কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম যান্ত্রিক যুগে হস্তশিল্পকে বাঁচিয়ে রাখার লড়াই। ৯৩ বছরে পা দিল তাদের পুজো। টেরাকোটার নানা পুতুল আর পটচিত্র দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। কুমোরটুলি পার্ক দেখা হয়ে গেলে সোজা চলে যান কুমোরটুলি সর্বজনীনের পুজো দেখতে। কথা দিচ্ছি, নিরাশ হবেন না।
৪) জগৎ মুখার্জী পার্ক
২৭ বছরে পা দিল জগৎ মুখার্জী পার্কের পুজো। এবারের থিম 'ফুলকুমারী'। আর্ট কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা মিলে সাজিয়ে তুলেছে মণ্ডপ। ফুলকুমারীকে উৎসর্গ করেই বানানো পুরো প্যান্ডেল। কে এই ফুলকুমারী? আর্ট কলেজের মডেল তিনি। শিল্প ও শিল্পীসত্তার এক অপূর্ব মেলবন্ধন দেখা যাবে তাদের এবারের পুজোতে। একটু অন্যরকম পুজো দেখতে চাইলে ঢুঁ মেরে আসুন এখানে।
৫) বাগবাজার সর্বজনীন
১০৪ বছরের পুরনো বাগবাজার সর্বজনীনের এই দুর্গাপুজো। ডাকের সাজের প্রতিমার জন্য বিখ্যাত এই পুজো। অপরূপ সেই প্রতিমা দেখার জন্য বেশ ভালই ভিড় জমেছে প্যান্ডেলের সামনে। থিম প্যান্ডেলের ভিড়ে সাবেকিয়ানাকেই মেনে চলেন এই পুজোর উদ্যোক্তারা। উত্তর কলকাতার সাবেকি পুজো দেখার প্ল্যান থাকলে এই পুজো না দেখে উপায় নেই।
৬) কাশী বোস লেন
কাশী বোস লেন দুর্গোৎসব কমিটির অন্যরকম ভাবনা নিয়ে করা এবারের প্যান্ডেল। থিম 'চাই না হতে উমা'। ৮৬ বছরে পা দিল এবারের পুজো। ছোট্টবেলায় দুষ্টু লোকের পাল্লায় পড়ে পাচার হয়ে যাওয়া 'উমা'দের ঘরে ফেরানোর গল্প বলে এই প্যান্ডেল। অবশ্যই যেতে হবে উত্তর কলকাতার এই অভিনব থিমের পুজোতে। উৎসবের আনন্দেও হয়তো চোখে জল আসবে এই মণ্ডপে ঢুকলে।
৭) চোরবাগান সর্বজনীন
চোরবাগান সর্বজনীনের এবারের থিম 'অনুভূতি'। কৃত্রিমভাবে তৈরি জলের ফোঁটা দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। সঙ্গে প্যান্ডেলের ভিতর আলোর খেলা। দেখতে চাইলে যেতেই হবে এই প্যান্ডেলে।