এর আগের দিন, ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে বেলডাঙা অগ্নিগর্ভ হয়ে ওঠে। মৃতদেহ গ্রামে ফিরতেই শুক্রবার সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ ও রেল রোকো কর্মসূচি শুরু হয়।

হুমায়ুন কবীর
শেষ আপডেট: 17 January 2026 14:02
দ্য ওয়াল ব্যুরো: বিহারে পরিযায়ী শ্রমিক (Migrant Workers) আক্রান্ত হওয়ার খবরে ফের উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের বেলডাঙা (Beldanga News)। শনিবার সকালে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে (Beldanga Protest) নামেন স্থানীয় বাসিন্দারা। রেলগেট সংলগ্ন এলাকায় একাধিক দোকান ভাঙচুরের (Beldanga Incident) অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের তৎপরতা শুরু হলেও এলাকায় এখনও চরম উত্তেজনা।
এর আগের দিন, ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের (Murshidabad Migrant Workers) রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে বেলডাঙা অগ্নিগর্ভ হয়ে ওঠে। মৃতদেহ গ্রামে ফিরতেই শুক্রবার সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ ও রেল রোকো কর্মসূচি শুরু হয়। সেই উত্তেজনা কাটতে না কাটতেই, শনিবার বিহারে শ্রমিক নিগ্রহের নতুন ঘটনার খবরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
বিধায়কের সামনেই বিক্ষোভ
পরিস্থিতি সামাল দিতে শনিবার ঘটনাস্থলে পৌঁছন ভরতপুরের তৃণমূল বিধায়ক (সাসপেন্ডেড) হুমায়ুন কবীর (Humayun Kabir)। তবে সেখানে পৌঁছেই তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়। উত্তেজিত জনতার সঙ্গে বিধায়কের তর্কাতর্কি শুরু হয়। হুমায়ুন কবীর বারবার অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালেও বিক্ষোভকারীরা তাতে কর্ণপাত করেননি।
বিক্ষোভকারীদের উদ্দেশে বিধায়ক বলেন, “তোমাদের পাশে আমরা আছি। কিন্তু হঠকারিতা করলে চলবে না। এভাবে সমস্যা মেটে না।” তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধেও তাঁদের আপত্তি রয়েছে, কিন্তু বিশৃঙ্খলা তৈরি করে পরিস্থিতি আরও খারাপ করা যাবে না।
হুমায়ুন কবীর হুঁশিয়ারির সুরে জানান, এই অবরোধ ও ভাঙচুর চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তাতে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবেন। দ্রুত শান্তি ফেরানোর আহ্বান জানান তিনি।
বিহারে মারধরের অভিযোগ
নতুন করে উত্তেজনার সূত্রপাত হয়েছে বিহারের (Bihar Incident) এক ঘটনায়। বেলডাঙার মকদমপুর এলাকার বাসিন্দা আনিসুর রহমান কাজের সূত্রে বিহারে ছিলেন। অভিযোগ, বাংলাদেশি সন্দেহে স্থানীয় কিছু মানুষ তাঁকে নির্মমভাবে মারধর করে। শুক্রবার রাতে কোনও রকমে প্রাণ বাঁচিয়ে তিনি বাড়ি ফেরেন।
শনিবার সকালে আনিসুরকে হাসপাতালে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের অভিযোগ, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে।
রাজনৈতিক চাপ বাড়ছে
এর আগে শুক্রবার পরিস্থিতি শান্ত করতে এলাকায় যান বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তবে টানা দু’দিনের ঘটনায় স্পষ্ট, পরিযায়ী শ্রমিক সংক্রান্ত একের পর এক ঘটনায় বেলডাঙায় ক্ষোভ জমছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, যদিও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বেলডাঙা।