
শেষ আপডেট: 25 August 2023 06:48
দ্য ওয়াল ব্যুরো: আজ, শুক্রবার, ২৫ অগস্ট বাবা-মায়ের সঙ্গে সেলিব্রেশন করবে বলেছিল ছোট্ট ছেলেটা। কিন্তু ভাবেনি, সে ইচ্ছে পূরণ হবে না। বিশেষ দিনে বাবা-মায়ের হাত ধরে আর প্রিন্সেপ ঘাটে যাওয়া হবে না। আজ তার জন্মদিন। জন্মদিন ছিল। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেছে। লেখা হয়ে গেছে মৃত্যুদিন। আজ থেকে ঠিক তিনটে শুক্রবার আগে, অগস্ট মাসের চার তারিখে, বেহালার পথ দুর্ঘটনায় (Behala Accident) প্রাণ গেছে তার। ঘাতক লরি পিষে দিয়ে চলে গেছে সাত বছরের সৌরনীল সরকারকে (Souraneel Sarkar)। ঘটনাস্থলেই নির্মম মৃত্যু।
তার পরেই আজকের এই আট বছরের জন্মদিন এসেছে ছেলের, শোক আর বাঁধ মানছে না মা দীপিকা সরকারের। ছেলের প্রিন্সেপ ঘাট ঘোরার শেষ আশাটা পূর্ণ হল না, আর কখনও হবে না... এ যন্ত্রণা কুরে খাচ্ছে তাঁকে। ওই একই দুর্ঘটনায় ভয়াবহ ভাবে জখম সৌরনীলের বাবাও এখনও হাসপাতালে ভর্তি।
তাই আজকের দিনে সৌরনীলের বাড়িতে যেন আলো জ্বলেনি। ভাত, ডাল, পাঁচ রকম ভাজা আর কাতলা মাছের ঝাল রান্না করার যে পরিকল্পনা ছিল, তা ভেসে গেছে চোখের জলে। ছেলের প্রিয় পায়েস করে বোধ হয় আর কোনও দিন মুখে তুলতে পারবেন না দীপিকাদেবী। আজ জিঞ্জিরা বাজারে ছেলের কবরের কাছে একবার যাবেন বলে ভেবেছেন দীপিকা। কিন্তু আকাশ যেন সকাল থেকে বাধ সেধেছে সে ইচ্ছেতেও। বৃষ্টি থামার নামই নেই!
দীপিকা জানালেন, অভিশপ্ত ওই ঘটনার দিন শেষ পরীক্ষা ছিল ছেলের। পরীক্ষার পরে আসবে জন্মদিন, তাই ভারী মজা ছিল তার। চক্ররেলে চড়ে প্রিন্সেপ ঘাট ঘোরার পরিকল্পনা সেই জন্যই। মা জানালেন, তেমন কোনও আবদারই ছিল না ছেলের। ঘুরতে গিয়ে দু’টো লজেন্স কিনে দিলেই খুশি।
তবে শোকের পাহাড়ে বাধ মানে না অভাবের স্রোত। সৌরনীলের বাবা সরোজ সরকার মাঝে একবার ছাড়া পেলেও, ফের হাসপাতালে ভর্তি। চিকিৎসা-ওষুধে হু হু করে খরচ হচ্ছে টাকা। সরকারের কাছে দীপিকা আবেদন করেছেন, ছোটখাটো কোনও কাজের জন্য। কারণ স্বামীর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তাঁর পা আর কখনও আগের মতো হবে কিনা, কেউ জানে না।
এসবের মাঝে দুর্ভাবনা আর হাহাকার নিয়ে দিন কাটাচ্ছেন দীপিকা। হাসপাতালে স্বামীর পাশে গিয়ে বসা, ফোনের গ্যালারিতে একের পর এক ছবিতে ছেলেকে দেখা-- এছাড়া আর কিছুই যেন করার নেই, ভাবার নেই। গোটা জীবনেও কি এই দুঃসময় পার করে সামনে এগোনো হবে আর! চোখের জলে ভেজা দীর্ঘশ্বাস ছাড়া কোনও উত্তরও খুঁজে পান না।
চোখে না দেখেই দাবা-দুনিয়ায় চ্যাম্পিয়ন কিমি মুর্মু! আসানসোলের এই অষ্টাদশীর আদর্শ প্রজ্ঞা