
শেষ আপডেট: 2 December 2022 11:00
দ্য ওয়াল ব্যুরো: ভাবনা চিন্তা আগেই চলছিল এবার সেটাই বাস্তবায়িত হতে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এবার খেলার নিয়মে অভিনব নিয়ম আনছে। ফুটবলে যেটা নিয়মিত সেটাই দেখা যাবে ক্রিকেট মাঠেও। ফুটবলের ধাঁচে ক্রিকেটেও ম্যাচ চলাকালীন খেলোয়াড় পরিবর্তন (Impact Player) করতে পারবে দল!
আইপিএলের (IPL 2023) পরের মরশুমেই এই নিয়ম কার্যকরী হতে চলেছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি দলেই একজন করে 'টুয়েলভথ ম্যান' বা 'অতিরিক্ত ক্রিকেটার' থাকেন। ফিল্ডিংয়ের সময় যদি প্রথম একাদশের কেউ চোটের কারণে বা অন্য কারণে বাইরে গেলে তাঁর জায়গায় নামেন তিনি। শুধুমাত্র ফিল্ডিং করার এক্তিয়ার থেকে তাঁর।
সেই নিয়মেই এবার বদল আনছে বিসিসিআই। 'টুয়েলভথ ম্যান'কে নামানো যাবে পরিবর্ত খেলোয়াড় হিসেবে। ফুটবলে যেমন কোচ চাইলেই ম্যাচ চলাকালীন খেলোয়াড় পরিবর্তন করে থাকেন, ক্রিকেটেও সেটা করা যাবে। তবে নতুন নিয়ম অনুযায়ী, মাত্র একজন খেলোয়াড়ই পরিবর্তন করা যাবে।
এই নিয়ম অনুযায়ী টসের সময়ই দুই দলের অধিনায়ককে এবার থেকে ১১ নয় ১৫ জন খেলোয়াড়ের নামই জানাতে হবে। খেলা চলাকালীন অতিরিক্ত ৪ জনের মধ্যে একজনকে ম্যাচে খেলানো যাবে। শুধু ফিল্ডিং নয়, ব্যাটিং ও বোলিংও করতে পারবেন সেই খেলোয়াড়।
এতে সুবিধা কী হবে?
বোর্ড সূত্রে খবর, যদি কোনও দল প্রথম ব্যাট করতে নেমে পর পর উইকেট হারাতে থাকে তাহলে রানের প্রয়োজনে একজন ব্যাটার খেলাতে পারে দল। যাতে তাঁর ব্যাটিংয়ের জোরে ভাল স্কোরে পৌঁছানো যায়। অন্যদিকে উইকেটের প্রয়োজনে বোলারও নামাতে পারে।
ফুটবল, বাস্কেট বল, হকিতে এই নিয়ম রয়েছে। এবার সেই ধাঁচেই ক্রিকেটেও একই নিয়ম চালু করার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এই ক্রিকেটারকে 'ইম্প্যাক্ট প্লেয়ার' বলা হবে।
রিকি পন্টিং হাসপাতালে, ধারাভাষ্য দিতে দিতে হঠাৎ বুকে ব্যথা, উদ্বিগ্ন অনুরাগীরা