দ্য ওয়াল ব্যুরো : বাইক আরোহীদের হেলমেট পরতে বাধ্য করা হবে কি? পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদীর বক্তব্য, এখনই হেলমেট পরা বাধ্যতামূলক করতে হবে। মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী চান, ওই নিয়ম চালু হোক ধাপে ধাপে। তাঁর অভিযোগ, রাজ্যের নির্বাচিত সরকারের নানা প্রকল্প অনুমোদন করছেন না লেফটেন্যান্ট গভর্নর। সেজন্য বুধবার বিকাল থেকে নারায়ণস্বামী রাজভবনের সামনে রাস্তায় ধর্নায় বসেছিলেন। বুধবার সারা রাতই তিনি কাটিয়েছেন রাস্তায়। টুইটারে তার ছবিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, শাল জড়িয়ে রাস্তায় শুয়ে আছেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস ও ডিএমকে-র বিধায়করাও আছেন তাঁর সঙ্গে। মুখ্যমন্ত্রীর পরণে রয়েছে কালো শার্ট ও কালো ভেশতি বা ধুতি।
https://twitter.com/VNarayanasami/status/1095635571819442181
গত রবিবার কিরণ বেদী বলেন, পুদুচেরির আইন মন্ত্রকের সচিব মাদ্রাজ হাইকোর্টে আবেদন জানিয়েছেন, ওই কেন্দ্রশাসিত অঞ্চলে মোবাইল ম্যাজিস্ট্রিয়াল ট্রাফিক কোর্ট পাঠানো হোক। তবেই মোটর বাইক আরোহীদের হেলমেট পরা নিশ্চিত করা যাবে। মঙ্গলবার কিরণ বেদী টুইট করেন, পুলিশ স্থির করেছে, আগামী সোমবার থেকে হেলমেট পরা বাধ্যতামূলক করা হবে।
মুখ্যমন্ত্রী চাইছেন না, অত তাড়াতাড়ি হেলমেট পরা বাধ্যতামূলক করা হোক। তাঁর অভিযোগ, সরকার মোট ৩৯ টি প্রস্তাব পাঠিয়েছিল লেফটেন্যান্ট গভর্নরের কাছে। তহবিল থেকে অর্থ মঞ্জুর, কর্মীদের বেতন দেওয়া ও বিনা পয়সায় গরিবদের চাল দেওয়ার প্রকল্পে অনুমোদন করতে অনুরোধ করা হয়েছিল তাঁকে। কিন্তু তিনি দীর্ঘদিন কোনও মতামত জানাননি। উলটে সরকারের দৈনন্দিন কাজকর্মে হস্তক্ষেপ করছেন।
মুখ্যমন্ত্রীর দাবি, অবিলম্বে লেফটেন্যান্ট জেনারেলকে ওই প্রস্তাবগুলি অনুমোদন করতে হবে। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই লেফটেন্যান্ট গভর্নর ওই প্রস্তাবগুলি ঝুলিয়ে রেখেছেন। কিরণ বেদীকে ব্যবহার করে প্রধানমন্ত্রী সরকারের কাজে বাধা সৃষ্টি করতে চান।
কিরণ বেদী মুখ্যমন্ত্রীকে পালটা একটি চিঠি দিয়েছেন। তাতে লিখেছেন, এইভাবে প্রতিবাদ জানানো বে আইনি। আপনি গত ৭ ফেব্রুয়ারি আমাকে একটি চিঠি দিয়েছিলেন। আমার জবাবের জন্য অপেক্ষা করার বদলে নিজেই রাজনিবাসে চলে এসেছেন। বেআইনি পথে আমার জবাব দাবি করছেন। মুখ্যমন্ত্রীর পদে থাকা অবস্থায় কেউ কখনও এইভাবে প্রতিবাদ জানিয়েছে বলে শুনিনি। কিরণ বেদী জানিয়েছেন, চিঠিটি মুখ্যমন্ত্রীর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে।
কিরণ বেদী একসময় রাজধানী দিল্লির ট্রাফিকের দায়িত্বে ছিলেন। জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে গত রবিবার তিনি পুদুচেরির পথে নামেন। হেলমেট বিহীন বাইক আরোহীদের দাঁড় করিয়ে হেলমেট পরতে অনুরোধ করেন। তখনই তিনি অভিযোগ করেন, পথ নিরাপত্তা সংক্রান্ত আইনগুলি কার্যকর করতে বাধা দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
https://twitter.com/thekiranbedi/status/1095260876280520704