
শেষ আপডেট: 1 February 2024 20:24
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুর মহকুমা শাসককের নির্দেশে সিল করা হল বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষকের অফিস। আপাতত স্কুলের দায়িত্বে রয়েছেন মহকুমা শাসক। তাই মাধ্যমিক পরীক্ষার জন্য প্রধান শিক্ষকের অফিস থেকে গুরুত্বপূর্ণ নথি বার করে নিয়ে গেল বিডিও দফতরের প্রতিনিধিরা ও নরেন্দ্রপুর থানার পুলিশ। শিক্ষকদের উপস্থিতিতে সিল করে দেওয়া হয় প্রধান শিক্ষকের ঘর। সমস্ত প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়েছে।
রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। এই স্কুলের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে শিক্ষক শিক্ষিকাদের বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বহিরাগতদের বিরুদ্ধে। স্কুলে ঢুকেই শিক্ষক শিক্ষিকাদের উপর ঝাঁপিয়ে পড়ে তারা। মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়। শুরু হয় গালিগালাজ ও মারধর। আতঙ্কে দিশাহারা হয়ে পড়েন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। ভাঙচুরও করা হয় স্কুলে। পরে নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। প্রধান শিক্ষকের মদতে এই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। কারণ দুর্নীতি নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মুখ খুলেছিলেন শিক্ষকরা। যদিও প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ এই অভিযোগ উড়িয়ে দেন।
এই ঘটনায় হাইকোর্টে মামলাও চলছে। মামলার শুনানিতে অভিযুক্ত গ্রেফতারির নির্দেশ দিয়েছিল কোর্ট। কিন্তু এখনও তারা অধরাই রয়ে গিয়েছে। তবে মঙ্গলবারই পুলিশের নজরদারিতে স্কুলে আসতে শুরু করে সন্ত্রস্ত শিক্ষকরা। কিন্তু স্কুলের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ছাত্র-ছাত্রীদের অধিকাংশই এদিন স্কুলে আসেনি।