
বর্ধমান আদালত
শেষ আপডেট: 18 November 2024 19:25
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: অশ্লীল কথা লিখে যুবতীর ছবি সমাজ মাধ্যমে পোস্ট করার প্রতিবাদ করেছিলেন এক যুবক। তারই জেরে তাকে বেদম মারধর করা হয় বলে অভিযোগ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বৃদ্ধ ও তার ছেলেকে।
ধৃতদের নাম বিশ্ব রায় ও সুনীল রায়। বর্ধমান থানার ডিভিসি মোড় মালঞ্চপাড়ায় তাদের বাড়ি। সোমবার ভোররাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয় বাবা-ছেলেকে। সোমবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন সিজিএম। ২২ নভেম্বর ফের তাদের আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, শহরেরই ছোটনীলপুর আমবাগানের বাসিন্দা সাগর দাসের এক বান্ধবীর ছবিতে নোংরা অশ্লীল কথা লিখে ইনস্টাগ্রামে পোস্ট করেছিল অভিযুক্ত বিশ্ব। বিষয়টি জানতে পেরে রবিবার দুপুরে বিশ্বর বাড়িতে যান সাগর। তিনি এমন পোস্ট কেন করা হয়েছে তার কারণ জানতে চান। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বিশ্ব। বাবা সুনীলকে নিয়ে চড়াও হয় সাগরের উপর। রড দিয়ে তাঁকে পেটানো হয়। ইট দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এমনকি তাঁর টোটোটিও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।
রবিবারই থানায় অভিযোগ দায়ের করে সাগর। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার ভোররাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিশ্ব ও তার বাবাকে।