দ্য ওয়াল ব্যুরো: একরত্তি ছেলে। কিন্তু তার শরীরে যে রোগ বাসা বেঁধেছে তা একরত্তি নয়। স্পাইনাল মাসকিউলার অ্যাট্রোফিতে আক্রান্ত ৩ বছরের ছোট্ট আয়াংশ। চিকিৎসার জন্য দরকার পৃথিবীর সবথেকে দামী ইঞ্জেকশন।
গত ২ বছর ধরে ছেলের চিকিৎসার টাকা জোগাড় করার চেষ্টা করে চলেছেন আয়াংশের মা বাবা। যে ইঞ্জেকশন তার প্রয়োজন, সেটার নাম জোলগেনসমা। দাম ভারতীয় মূল্যে ১৬ কোটি টাকা। পৃথিবীর সবচেয়ে দামী ওষুধও বলা হয় এটাকেই।
ছোট্ট আয়াংশের চিকিৎসার খরচ জোগাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। মাত্র চার মাসের মধ্যে চাঁদা উঠেছে ১৪ কোটি ৮৪ লক্ষ টাকা। নেট জনতার কাছে এই বিপুল সাড়া পেয়ে আপ্লুত আয়াংশের মা বাবা। মোট ৬৪ হাজার ৪৫০ জন তাঁদের আর্থিক সাহায্য করেছেন বলে জানিয়েছেন ওই দম্পতি।
টাকা জোগাড় হয়ে যাওয়ার পর বুধবার হায়দরাবাদের রেনবো হাসপাতালে ইঞ্জেকশনটি দেওয়া হয় আয়াংশকে। জটিল রোগ থেকে খুব শিগগিরই সে সেরে উঠবে, আশ্বাস দিয়েছেন চিকিৎসকরা।
আয়াংশের বাবা যোগেশ গুপ্তা বলেছেন, "অনেক অনেক ধন্যবাদ। আয়াংশকে বাঁচানোর জন্য যে ৬৫ হাজার মানুষ সাহায্যে এগিয়ে এসেছেন তাঁদের সকলকে ধন্যবাদ। আমরা খুব খুশি যে অবশেষে এই ওষুধটা আমরা পেয়েছি। অনেক দিন ধরে এটার জন্য অপেক্ষা করছিলাম। আয়াংশের জীবন বদলে দিতে পারে এই ওষুধ। ধন্যবাদ।"
তিনি জানিয়েছেন, জন্মের
মাত্র কয়েক মাস পরেই কঠিন রোগ ধরা পড়ে আয়াংশের। জিনগত এই রোগের কারণে বাচ্চাটির হাত পা দুর্বল হয়ে পড়ে। সে ঠিকমতো দাঁড়াতে বা বসতেও পারে না।
দু-বছর ধরে নানা স্বেচ্ছাসেবী সংস্থা, শিশু সুরক্ষা প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে ঘুরেছেন গুপ্তা দম্পতি। কিন্তু কোথাও বিশেষ সুবিধা করতে পারেননি। তারপর মাস চারেক আগে সোশ্যাল মিডিয়ায় সাহায্য চেয়েছিলেন। ছোট্ট আয়াংশকে উজার করে দিয়েছে সোশ্যাল মিডিয়া।