
শেষ আপডেট: 2 July 2024 12:27
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ফের রাজ্যে ঘটে গেল শ্যুটআউটের ঘটনা। যুবককে লক্ষ্য করে পর পর গুলি চালিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনায়। মাথায় দুটি গুলি লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে হুগলির চুঁচুড়ার বাসিন্দা ওই যুবকের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মিলন সিং ওরফে রাজা (৪৪)। কয়েক মাস ধরে হুগলির চুঁচুড়া থেকে কালনা এসেছিলেন। সেখানে এক ব্যবসায়ীর দোকানে কাজ করছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনা স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের নীচে স্বপন মাঝি নামে এক ব্যক্তির দোকান রয়েছে। ওই দোকানে চা ও পানীয় জল সহ অন্যান্য জিনিস বিক্রি হয়। গত দু-আড়াই মাস আগে ওই দোকানে কাজে যোগ দেন মিলন। সোমবার আনুমানিক রাত ১০ টা নাগাদ মিলন দোকানে বসে ভাত খাচ্ছিলেন। সেইসময় কয়েকজন বাইকে করে সেখানে আসে। দোকানে ঢুকে খুব কাছ থেকে ওই যুবককে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মিলনের। স্থানীয়রা খবর দিলে কালনা থানার পুলিশ ও কালনা জিআরপি ঘটনাস্থলে আসে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
জেলা পুলিশ সুপার আমন দীপ জানিয়েছেন, মৃতের বাড়ি হুগলির চুঁচুড়ায়। এই ঘটনায় এখনও কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মিলন সিং সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিল।মনে করা হচ্ছে সেই কারণেই এই খুন।