দ্য ওয়াল ব্যুরো: গালওয়ান সংঘর্ষের বর্ষপূর্তির দিন তেলঙ্গানার সূর্যপেটে বসল শহিদ কর্নেল সন্তোষ বাবুর মূর্তি। রাজধানী হায়দরাবাদ থেকে ১৪০ কিমি দূরে সূর্যপেটেরই ছেলে সন্তোষ বাবু। গত বছর লাদাখের গালওয়ান সীমান্তে সংঘর্ষের সময় চিনা সেনাবাহিনীর আক্রমণে নিহত ২০ ভারতীয় সেনা জওয়ানের অন্যতম তিনি। সন্তোষ বাবু ছিলেন ১৬ বিহার রেজিমেন্টের কম্যান্ডিং অফিসার। গত বছরের আজকের দিনে গালোয়ান সীমান্তে ভারতীয় ও চিনা সেনা জওয়ানদের মধ্যে হাতাহাতি রক্তক্ষয়ী সংঘর্ষে মোড় নেয়। গত কয়েক দশকে দুদেশের জওয়ানদের মধ্যে সামরিক সংঘাত কখনও এতটা মারাত্মক পর্যায়ে যায়নি।
সন্তোষ বাবু সহ শহিদ জওয়ানদের বীরত্বের কাহিনি ভুলে যায়নি ভারতবাসী। তাঁর মৃত্যুর পরই রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সন্তোষ বাবুর বাড়ি গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানান। তেলঙ্গানা সরকার তাঁর পরিবারকে এককালীন ৫ কোটি টাকা দেয়, তাঁর স্ত্রীকে গ্রুপ ওয়ান সরকারি পদে চাকরি দেওয়া হয়। হায়দরাবাদে আবাসিক প্লটও দেয় রাজ্য সরকার।
কর্নেল বাবুকে মরণোত্তর মহাবীর চক্র দিয়েও সম্মান জানানো হয়। আর আজ তাঁর মূর্তি উন্মোচন করেন তেলঙ্গানার মন্ত্রী কে টি রাম রাও।