
প্রতীকী ছবি
শেষ আপডেট: 18 December 2024 13:01
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: তিন ঘণ্টার মধ্যে ভাতার থানার বৃদ্ধ দম্পতি হত্যার কিনারা করল পুলিশ। সম্ভ্রাব্য খুনি সন্দেহে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে একজন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। অন্যজনও কলেজ ছাত্র। এই দুই ছাত্র ও তাদের মাকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মহুয়া সামন্ত, অনিকেত সামন্ত ও অরিত্র সামন্ত। সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই কাণ্ড বলে অনুমান জেলা পুলিশের।
জেলা পুলিশ সুপার সায়ক দাস সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে ভাতার থানায় সুপর্ণা চৌধুরী নামে একজন এসে জানান, তাদের বৃদ্ধ মাসি মেসোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাঁরা একলা থাকেন। তাঁদের নাম অভিজিৎ যশ ও ছবি যশ। তাঁরা নিঃসন্তান এবং সত্তরোর্ধ।
পুলিশ দ্রুত বাড়িতে পৌঁছে তালা ভেঙে ঢুকে দুজনের মৃতদেহ উদ্ধার করে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি ও পুলিশের টেকনিক্যাল টিম তদন্ত শুরু করে। অভিযোগকারিণীর সন্দেহ ছিল, তাঁদের ঘনিষ্ঠ আত্মীয়া মহুয়া সামন্তকে নিয়ে। তদন্তে নেমে আগে সম্পত্তি নিয়ে ঝামেলার কথাও জানা যায়।এরপর সেই সূত্র ধরে পুলিশ তাকে গ্রেফতার করে।
পরে যা জানা যায় তা আরও রোমহষর্ক। পুলিশের জেরার মুখে মহুয়া স্বীকার করে নেন, তিনি ও তার দুই পুত্র মিলে এই অপকর্ম করেছেন। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গত শনিবার সকালে তারা এই হত্যাপর্ব চালান। তাই সেদিনের পর থেকে আর কোনওভাবেই যোগাযোগ করা যায়নি ওই বৃদ্ধ দম্পতির সঙ্গে। ঘটনাস্থল থেকে পাওয়া একটি তার দিয়ে শ্বাসরোধ করে তাঁদের খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। আরও জানা গেছে, এর আগেও সম্পত্তি নিয়ে ঝামেলা করেছেন তারা। সেদিনও তারা টাকার দাবি না মেটায় এই চরম কাজটি করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছিল তারা।
কী কী জিনিস খোওয়া গেছে এবং কীভাবেই এই খুন তা নিশ্চিত হতে ফরেন্সিক দল ঘটনাস্থলে আসছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন,বুধবার ধৃতদের আদালতে তুলে পুলিশি হেফাজত চাওয়া হবে। জেরায় বিষয়টি আরও স্পষ্ট হবে বলেই মনে করছেন পুলিশ কর্তারা।