
আবাসের বরাদ্দ নিয়ে ফের গন্ডগোল বর্ধমানে
শেষ আপডেট: 16 January 2025 19:45
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আবাসে আবার গন্ডগোল। খোদ পঞ্চায়েত প্রধানের পরিবারের দোতলা বাড়ি। অথচ প্রধানের শ্বশুরের নামেই বাংলা আবাস যোজনার অনুদান বরাদ্দ হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে উপভোক্তা মারাও গিয়েছেন।
আবার ওই গ্রামে পাকাবাড়ি থাকা সত্ত্বেও এক সিভিক ভলেন্টিয়ার এবং এক পঞ্চায়েত সদস্যের পরিবারের নামে আবাস যোজনার অনুদান বরাদ্দ হয়েছে বলে অভিযোগ। কিন্তু বেশ কয়েকজন গরীব মানুষ যোগ্য হওয়া সত্ত্বেও আবাস যোজনার অনুদান পাননি। বাংলা আবাস যোজনার অনুদান নিয়ে এরকমই একাধিক অনিয়মের অভিযোগ তুলে বুধবার আউশগ্রামের বেরেন্ডা পঞ্চায়েত প্রধানকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে।
বৃহস্পতিবার বেরেন্ডা পঞ্চায়েত এলাকার শ্রীকৃষ্ণপুর,জয়কৃষ্ণপুর, নৃপতিগ্রাম সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা পঞ্চায়েত অফিসে জড়ো হন। তারা প্রধান মরিয়ম খাতুনকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, খোদ প্রধানের পরিবারের দোতলা বাড়ি থাকতেও তাঁদের পরিবার আবাস যোজনার অনুদান পেয়েছেন। কিন্তু এলাকার দরিদ্র মানুষের নাম তালিকা থেকে বাদ গিয়েছে।
বেশ কিছুক্ষণ পঞ্চায়েত প্রধানকে ঘিরে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তবে এদিনই আউশগ্রামে রাজ্যপালের সফর থাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিক্ষোভকারীরা পুলিশের আবেদনে বিক্ষোভ ও ঘেরাও তুলে নেন। পঞ্চায়েত প্রধান মরিয়ম খাতুন অবশ্য কিছু বলতে অস্বীকার করেন।