দ্য ওয়াল ব্যুরো: অসমে (asaam) গুলি চলল (firing)। বেআইনি দখলদারদের জমি থেকে উচ্ছেদের (eviction drive) অভিযান ঘিরে রণক্ষেত্র সিপাঝড়। পুলিশের গুলিচালনায় (police firing) অন্ততঃ দুজন নিহত হয়েছেন, স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষে জখম হয়েছেন অন্ততঃ ৭ পুলিশকর্মী। দরং জেলা প্রশাসনের কর্তারা উচ্ছেদ অভিযানে গিয়েছিলেন সিপাঝড়-ঢোলপুর এলাকায়। সঙ্গে ছিলেন সশস্ত্র নিরাপত্তাকর্মীদের বিশাল বাহিনী। স্থানীয় বাসিন্দারা (locals) প্রতিবাদ করেন। দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা লাঠি, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোঁড়ে। কিন্তু তাতেও সামাল দিতে না পেরে, উল্টে আক্রান্ত হয়ে পুলিশ গুলি চালায়। দুজন মারা যায়। বৃহস্পতিবার ৫০০র বেশি পরিবারকে উচ্ছেদ করা হয়। গত সোমবার ৮০০-র ওপর পরিবারকে উচ্ছেদ করা হয়। তারা প্রায় সাড়ে চার হাজার বিঘা জমি দখল করে বসবাস করছিল। সেখানে ধর্মস্থানও গড়ে ওঠে।
আজকের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর চলছে। অসম কংগ্রেস সভাপতি ভূপেন বোরা পুলিশের গুলিতে প্রাণহানির তীব্র নিন্দা করে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতির জন্য রাজ্য সরকারকে দায়ী করেন।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গুলিচালনার কথা জানিয়ে দাবি করেন, পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়।
জানা গিয়েছে, দরং জেলার ঢোলপুরের গারুখুটি এলাকায় একটি সরকারি কমিউনিটি ফার্মিংয়ের প্রচুর জমি বেদখল হয়ে গিয়েছিল। সেখান থেকেই জবরদখলকারীদের হঠাতে অভিযানে যায় পুলিশ। উচ্ছেদ অভিযান চলবে।
সম্প্রতি অসম মন্ত্রিসভা ওই জমিতে বেআইনি দখলদারির অবসান ঘটিয়ে কমিউনিটি ফার্মিং শুরু করা হবে বলে সিদ্ধান্ত নেয়।