
বিতর্কিত জমি ও বাড়ি
শেষ আপডেট: 21 November 2024 11:07
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: জীবিত দম্পতিকে মৃত দেখিয়ে জাল দলিল তৈরি করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্বস্থলীর জাহান্নগর গ্রামে। স্বামী বা স্ত্রী কেউ মারা যাননি। অথচ ভূমি দফতরের রেকর্ডে মৃত দেখানো হচ্ছে দম্পতিকে। সম্পত্তি ফিরে পেতে নাদনঘাট থানা এবং ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের দ্বারস্থ হয়েছেন ওই দম্পতি। তাঁদের দাবি, মৃত দেখিয়ে ভুয়ো নথিপত্র দিয়ে জাল দলিল তৈরি করা হয়েছে।
ভিনরাজ্যে থাকার সুযোগ নিয়ে ওই দম্পতিকে মৃত দেখিয়ে তাদের নামে থাকা কয়েক শতক জায়গা জালিয়াতি করে নিজেদের নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে। বৃদ্ধ দম্পতিকে হুমকি দিয়ে উচ্ছেদেরও চেষ্টা চলে।
প্রতারিত দম্পতি গোপী দে ও হরিবালা দে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের জাহান্নগর গ্রামে আদি বাসিন্দা। কর্মসূত্রে তাঁরা এখন রাজস্থানে থাকেন। হরিবালা দেবী জানান,তাঁর বাবা ঠাকুরদাস দাস বসত ভিটার ১০ শতক জায়গা ২০১৫ সালে তাঁর এবং তাঁর স্বামীর নামে দানপত্র করে দেন। যদিও বসতভিটেতে এখনও তাঁর বৃদ্ধ বাবাই থাকেন। কিন্তু তাঁদের প্রতিবেশী সমাপ্তি শীল (দাস) তাঁর স্বামী সুশান্ত দাস ২০২২ সালে জাল দলিল তৈরি করে তাঁদের ওই সম্পত্তি হাতিয়ে নেয়। জাল দলিল ব্যবহার করে ওই সম্পত্তি নিজেদের নামে রেকর্ডও করিয়ে নেন সমাপ্তি শীল(দাস) তার স্বামী সুশান্ত দাস।
হরিবালা দেবী জানান, জাল দলিলে তাঁকে ও তাঁর স্বামীকে মৃত বলে দেখানো হয়েছে। কিছুদিন আগে ব্লক ভূমি দফতরে অফিসে খাজনা জমা দিতে গিয়ে তাঁর বাবা ঠাকুরদাস দাস এই জালিয়াতি কাণ্ডের বিষয়ে জানতে পারেন। তারপরেই তাঁরা ব্লক ভূমি দফতর ও নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেন। যদিও সুশান্ত দাসের স্ত্রী সমাপ্তিদেবী সাফাই,তাঁরা এমন
কাজ নাকি করেনইনি।
কালনার মহকুমাশাসক শুভম আগরওয়াল জানিয়েছেন, অভিযোগের বিষয়টি নিয়ে ব্লকের বিডিও ও বিএলআরওকে যৌথভাবে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতারিত দম্পতি জানিয়েছেন,এই জালিয়াতির বিষয়ে প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা না নিলে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন।