দ্য ওয়াল ব্যুরো: শনিবার গুরুপূর্ণিমা উপলক্ষ্যে উত্তরপ্রদেশের বিজেপি নেতারা পাশের রাজ্য উত্তরাখন্ডের মন্দির, মঠে মঠে ঘুরে সেখানকার পূজারী, গুরুদের শ্রদ্ধা জানিয়ে নিজেদের, দলের জন্য আশীর্বাদ চাইবেন। বিজেপির উত্তরপ্রদেশ রাজ্য নেতৃত্ব জেলায় জেলায় দলীয় নেতাদেরও নিজ নিজ এলাকার মন্দির, মঠের তালিকা বানিয়ে গুরুত্বপূর্ণ পদাধিকারী, নির্বাচিত জনপ্রতিনিধিদের সেখানে গিয়ে গুরু, পুরোহিতদের সম্মান জানাতে নির্দেশ দিয়েছেন।
স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, সামনের বছরের গুরুত্বপূর্ণ বিধানসভা ভোট মাথায় রেখেই কি এমন উদ্যোগ। যদিও বিজেপি মুখপাত্র রাকেশ ত্রিপাঠি বলেছেন, আমাদের গুরু পূর্ণিমা কর্মসূচির সঙ্গে আসন্ন নির্বাচনের কোনও সম্পর্কই নেই। বিজেপি সবসময় গুরু, পুরোহিত, সাধুসন্তদের শ্রদ্ধা, সম্মান জানায়। মন্দির, মঠে যায়। রাজনীতির বাইরে বিজেপি আমাদের সাংস্কৃতিক, আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষায় তার সামাজিক দায়িত্ব পালনে তত্পর। গুরুপূর্ণিমা গুরুদের শ্রদ্ধা জানানোর দিন, আমরা সেটাই করছি। বিজেপি নেতারা মন্দির দর্শনের সঙ্গে ভোটের যোগের জল্পনা এড়াতে চাইলেও দলীয় সূত্রের খবর, গুরু পূর্ণিমা মহোত্সব কর্মসূচিকে বাছাই করা হয়েছে সামনের বছরের গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে রাজনৈতিক বার্তা দিতেই। যেহেতু মন্দিরের পুরোহিত, গুরুদের বেশিরভাগই ব্রাহ্মণ, তাই মহোত্সব কর্মসূচির মাধ্যমে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, কংগ্রেসের আগেই তাঁদের কাছে পৌঁছতে চায় বিজেপি। তাছাড়া, এই পূজারী, সাধুসন্তরা শুধু রাজ্যেই নয়, তার বাইরেও সম্মানিত, সেখানেও তাঁদের বহু ভক্ত, অনুগামী আছে। তাই তাঁদের শ্রদ্ধা, সম্মান জানাতে পারলে ভোটবাক্সে লাভ হতে পারে বিজেপির।
অতীতেও বিজেপি গুরুপূর্ণিমা পালন করেছে, দলীয় নেতারা মন্দির, মঠে গিয়ে সেখানকার গুরুদের আশীর্বাদ নিয়েছেন। তবে এবার বড় করে, আরও সংগঠিত ভাবে এই কর্মসূচির প্ল্যান করা হয়েছে। দলীয় নেতারা গ্রামের মন্দিরে গিয়েও মিষ্টি বিলোবেন, পুরোহিত, গুরুদের মালা পরিয়ে আশীর্বাদ নেবেন।
যে অযোধ্যায় রামমন্দির তৈরির কাজ পুরোদমে চলছে, সেখানকার এক পার্টিনেতা জানিয়েছেন, গোটা শহরে বড়, ছোট মিলিয়ে ৫০০০ এর বেশি মন্দির আছে। তবে তাঁরা শুধুমাত্র সেই মন্দিরগুলিই বেছেছেন, যেখানে বেশি ভিড় হয়। তিনি বলেছেন, এখানে সব বিধায়কই আমাদের দলের। তাঁরা একাধিক মন্দিরে যাবেন। গ্রামীণ এলাকায় ব্লক, জেলা পঞ্চায়েত নেতারাও গুরুপূর্ণিমা কর্মসূচিতে সামিল হবেন।
দলের এক নেতা বলেন, ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগেও গুরুপূর্ণিমা পালনে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০১৭র বিধানসভা ভোটের আগে দলিত ভোট টানতে ৪০৩টি বিধানসভা কেন্দ্রেই ধম্ম চেতনা যাত্রা করা হয়েছিল।