
শেষ আপডেট: 17 December 2023 13:48
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ৬২ বছরের সুধীর সূত্রধর মেমারি কলেজ পাড়া এলাকার বাসিন্দা।
১৩ ডিসেম্বর দুর্ঘটনার দিন, তিনি ট্রেন ধরার জন্য স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন। সেদিনই তিনজনের মৃত্যু হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুধীরবাবুর মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪।
গত বুধবার বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ৫৩ হাজার গ্যালন জলের ট্যাঙ্কটি হুড়মুড়িয়ে ভেড়ে পড়ে। জানা গিয়েছে ভেঙে পড়া ট্যাঙ্কটি নির্মিত হয়েছিল ১৮৯০ সালে। ১৩৩ বছরের এই ট্যাঙ্ক ভেঙে পড়ায় রেলের বিরুদ্ধে রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ ওঠে। এতে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়ে রেল। পরে মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করে তাঁরা।
সেদিনের দুর্ঘটনায় আহতদের মধ্যে এখনও অনেকে বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। শনিবার মৃত্যু হয় সুধীর সূত্রধরের। তাঁর মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছে পরিবার।
এই ঘটনার পরেই তড়িঘড়ি রাজ্যের সমস্ত স্টেশনের রক্ষণাবেক্ষণ ও সংস্কারের ব্যবস্থা নিতে শুরু করেছে রেল। আর কোনও বড় দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর দিয়েছে তারা। স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে ১৯৩৫ সালে তৈরি একটি জলের ট্যাঙ্ক রয়েছে। সূত্রের খবর সেটির রক্ষণাবেক্ষণ নিয়েও তৎপর হয়েছে রেল কর্তৃপক্ষ।
ওই ট্যাঙ্ক লাগোয়া এলাকায় যে বস্তি রয়েছে, দোকানদারেরা রয়েছেন তাঁদের অন্যত্র চলে যেতে বলা হয়েছে রেলের তরফে। রেলের এই নির্দেশে দিশেহারা হয়ে পড়েছেন বস্তির বাসিন্দারা। তাঁরা এলাকা ছেড়ে কোথায় যাবেন বুঝতে পারছেন না।