
শেষ আপডেট: 25 March 2024 20:22
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: জলে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের। স্নান করতে নেমে দামোদরে তলিয়ে গেছিল তারা। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে বাঁকুড়ার বড়জোড়া থানার কৃষ্ণনগর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হোলি খেলার পর ৯ কিশোর স্নান করতে নেমেছিল দামোদরে। তখন দুই ভাই সানি কুমার (১৪) ও সোনু কুমার (১৫) হঠাৎ জলের তোড়ে ভেসে যায়। পরে তাদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষনা করে। ময়নাতদন্তের জন্য দুই কিশোরের দেহ বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, বিহারের বাসিন্দা প্রমোদ চৌরাশিয়া। তিনি কর্মসূত্রে বড়জোড়ায় রায় কোলনিতে থাকেন। তাঁর দুই ছেলে সানি ও সোনু। এই দুই কিশোর বন্ধুদের সঙ্গে রঙ খেলার পর স্থানীয় দামোদর নদীতে স্নান করতে গেছিল। সেখানে কোনভাবে ডুবে যায়। খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। নদে তল্লাশি শুরু করে। পরে মৃতদেহ দুটি উদ্ধার হয়।