সরাসরি অভিযোগের জবাব এড়িয়ে গিয়েছেন, তবু তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা। তিনি জানান, পশ্চিমবঙ্গে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

জ্ঞানেশ কুমার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 10 March 2026 14:48
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Elections 2026) যত এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে এসআইআর বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (West Bengal SIR) নিয়ে রাজনৈতিক চাপানউতোর। এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৬০ লক্ষ নাম বিচারাধীন অবস্থায় (Under Adjudication) রয়েছে বলে খবর সামনে আসতেই নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে তৃণমূলের (TMC) আক্রমণ আরও জোরালো হয়েছে। এই ইস্যুতে ইতিমধ্যেই ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Dharna)। সেই ধর্নামঞ্চ থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee) কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।
অভিষেকের দাবি, কেন্দ্রের সরকার কমিশনের মাধ্যমে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) স্থগিত করার পরিকল্পনা করছে। তাঁর এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
মঙ্গলবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাংবাদিক বৈঠকে (ECI Full Bench Press Conference) এই প্রসঙ্গ স্বাভাবিকভাবেই উঠে আসে। তবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar) সরাসরি এই অভিযোগের জবাব দেননি। তিনি কোনও রাজনৈতিক নেতার নামও উল্লেখ করেননি। বরং সাধারণ ভঙ্গিতে তিনি বলেন, কোনও রাজনৈতিক নেতা ভোটারদের ভয় দেখালে বা হুমকি দিলে তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
নির্দিষ্ট অভিযোগের প্রসঙ্গে প্রশ্ন করা হলে জ্ঞানেশ কুমার জানান, রাজনৈতিক নেতারা নানা অভিযোগ তুলতেই পারেন, কিন্তু নির্বাচন কমিশন সেই ধরনের রাজনৈতিক মন্তব্যের জবাব দেয় না। তাঁর কথায়, সংবিধানের নির্দেশ মেনেই কমিশন কাজ করে এবং রাজনৈতিক বক্তব্য দেওয়া কমিশনের কাজ নয়।
যদিও সরাসরি অভিযোগের জবাব এড়িয়ে গিয়েছেন, তবু তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা। তিনি জানান, পশ্চিমবঙ্গে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। ভোটের সময় কোনও রাজনৈতিক দল বা নেতার পক্ষ থেকে ভয় দেখানো, চাপ সৃষ্টি করা বা হুমকি দেওয়া হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণভাবে সংবিধান ও আইন মেনেই পরিচালিত হবে। কোনও ক্ষেত্রেই পক্ষপাত দেখানো হবে না। আইন ভাঙার চেষ্টা হলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে এসআইআর প্রক্রিয়ায় বৈধ ভোটারের নাম বাদ পড়ার যে অভিযোগ বারবার উঠছে, সে বিষয়ে জ্ঞানেশ কুমার আশ্বাস দিয়েছেন। তাঁর বক্তব্য, কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না - এ ব্যাপারে কমিশন দায়িত্ব নিয়ে কাজ করছে।
পশ্চিমবঙ্গের ভোটারদের উদ্দেশে তিনি একটি বার্তাও দেন। তাঁর কথায়, 'চুনাও পর্ব, পশ্চিমবঙ্গের গর্ব। সকলে নির্ভয়ে ভোট দিতে আসুন।' বুঝিয়ে বলেন, নির্বাচন গণতন্ত্রের উৎসব এবং সকলের অংশগ্রহণই এর মূল শক্তি। তাই ভয় বা চাপের পরিবেশ প্রত্যাখান করে প্রত্যেক ভোটার যেন নিশ্চিন্তে ভোট দিতে আসেন - আহ্বান নির্বাচন কমিশনের।