
শেষ আপডেট: 9 April 2024 15:35
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: নিখোঁজের একদিন পরে বালুরঘাটের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ক্ষতবিক্ষত দেহ মিলল মালদহে। গাজল এলাকা থেকে কিছুটা দূরে রেললাইনের পাশ থেকে ওই ব্যক্তির তিন টুকরো দেহ উদ্ধার হয়।
স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মৃত এই কাউন্সিলরের নাম দেবজিৎ রুদ্র। সোমবার বালুরঘাটের বাড়ি থেকে ভোরবেলায় হাঁটতে বেরিয়েছিলেন। সকাল ১০টা বেজে যাওয়ার পরও তিনি বাড়ি না ফেরায় দেবজিৎবাবুকে নিয়ে পরিবারের সদস্যরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। বারবার দেবজিৎবাবুর মোবাইলে ফোন করলেও সেটি সুইচড অফ শোনায়। পরে বালুরঘাট থানায় নিখোঁজের অভিযোগ জানান পরিবারের সদস্যরা। পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখানে দেখা যায় তিনি বালুরঘাট স্টেশনের দিকে ছিলেন। এত কিছুর পরেও তাঁর সন্ধান দিতে পারেনি পুলিশ।
মঙ্গলবার গাজল-মালদহ শহর এলাকার মাঝখানে রেললাইনের ধারে এক ব্যক্তির তিন টুকরো দেহ পড়ে থাকতে দেখে যায়। গাজোল এলাকার বাসিন্দারাই পুলিশকে খবর দেয়। দেহের পাশেই পাওয়া যায় ভোটার কার্ড। সেখান থেকে পুলিশ জানতে পারে ওই দেহ নিখোঁজ দেবজিৎ রুদ্রের। তারপর পুলিশ এই প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে খবর দেয়।
আপাতত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, কাউন্সিলরের পদ ছাড়ার পর থেকে তিনি রাজনীতি থেকে অনেকটাই দূরে সরে গেছিলেন। একসময় তাঁর টিভি-র কেবেল লাইনের ব্যবসা ছিল।