
শেষ আপডেট: 9 October 2023 18:01
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ডেঙ্গিতে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সোমবারও ডেঙ্গিতে মৃত্যু হল রাজ্যের দুই জেলায়।
অশোকনগর শব্দালপুর গ্রামীণ হাসপাতালে ৩১ বছরের এক যুবকের ডেঙ্গি জ্বরে মৃত্যু হয়েছে। মৃতের নাম অমিত ঘোষ। তাঁর বাড়ি শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। আত্মীয়রা জানিয়েছেন, শনিবার থেকে জ্বর এসেছিল অমিতের। তাঁকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁর রক্ত পরীক্ষাও হয়। প্রথমে ডাক্তাররা জানিয়েছিলেন, তাঁর ডেঙ্গি হয়নি। সোমবার সকালে অমিতের অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসক তাঁকে একটি ইজেকশন দেওয়ার পরেই মারা যান অমিত। এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষ জানান ডেঙ্গি জ্বরে মৃত্যু হয়েছে ওই যুবকের।
আত্মীয়রা হাসপাতালের কথা শুনে ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, 'ভুল চিকিৎসা করেই রোগীকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন ডাক্তাররা। কারণ রক্ত পরীক্ষা করার পরে ডাক্তাররা জানিয়েছিলেন অমিতের ডেঙ্গি হয়নি। কিন্তু মৃত্যু পর কারণ হিসাবে তাঁরা বলছেন, ডেঙ্গি জ্বরে মারা গিয়েছেন। সোমবার এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল শব্দালপুর গ্রামীণ হাসপাতালে। বিশৃঙ্খলা এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি পুলিশকে ডেকে পাঠায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুর্শিদাবাদের সুতি থানা এলাকাতেও এক ৫০ বছরের প্রৌঢ়ার ডেঙ্গিতে মৃত্যু হয়েছে। আত্মীয়রা জানিয়েছেন, গত তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। শরীরের অসহ্য যন্ত্রনা, পেট ব্যাথা, বমিও হচ্ছিল তাঁর। পরে আরতি সাহা নামে ওই প্রৌঢ়াকে মহিশাইক ব্লক স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়। সেখানে রক্ত পরীক্ষা করলে, রিপোর্ট আসার পর দেখা যায়, তাঁর ডেঙ্গি হয়েছে। সেই মতো চিকিৎসাও শুরু করেন ডাক্তাররা। স্যালাইন, ইনজেকশন দেওয়ার পরেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।