
শেষ আপডেট: 8 December 2023 17:39
দ্য ওয়াল ব্যুরো: ল্যান্ডমাইন খোঁজার কাজটাকে অনেকটাই সহজ করে দিল এক ধরনের যন্ত্র। মাটির নীচে মরণফাঁদ খুঁজে বের করতে এবার সাহায্য করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। আসানসোলের বিজ্ঞানী অরিন্দম বিশ্বাস ও তাঁর সহকারীরা এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন যাতে মাটির নীচে পোঁতা ল্যান্ডমাইন খুঁজে বের করা যাবে সহজেই।
রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্ট বলছে, বিশ্বের ৭০টি দেশে কম করে ১০ কোটি ল্যান্ডমাইন পোঁতা রয়েছে এই মুহূর্তে। যার বিস্ফোরণে বছরে গড়ে জখম হন অন্তত ২০ হাজার মানুষ। রাজ্য পুলিশ অনেক আগেই জানিয়েছিল, ল্যান্ডমাইন খোঁজা, তাদের নিষ্ক্রিয় করা আর সেগুলিকে নিরাপদে অন্যত্র সরিয়ে ফেলার কাজটা বেশ বিপজ্জনক। শ্রমিকও মেলে না সুলভে। কাজটা সময়সাপেক্ষও বটে। ল্যান্ডমাইন খুঁজতে গিয়ে উল্টে বিপদে পড়ে প্রাণ গেছে এমন উদাহরণও অজস্র। মাওবাদী অধ্যুষিত এলাকায় এই ল্যান্ডমাইনই অনেক সেনা জওয়ানের প্রাণ কাড়ে। বিস্ফোরণে উড়ে যায় সেনা বা পুলিসের কনভয়। বিস্তীর্ণ এলাকায় জুড়ে মাইন ডিটেক্টর দিয়ে তল্লাশি চালাতে হয়।
ল্যান্ডমাইন বানানো হয় সাধারণত প্লাস্টিক বা কোনও পলিমার যৌগ দিয়ে। গবেষকরা দেখেছেন, ল্যান্ডমাইন থেকে এক ধরনের বাষ্প বা ভেপার বেরিয়ে আসে। ল্যান্ডমাইনের নির্দিষ্ট তাপমাত্রা থাকে। এই তাপমাত্রা মাপবে থার্মোগ্রাফি ক্যামেরা।
বিজ্ঞানীরা বলছেন, তাঁদের প্রযুক্তির অনেকগুলো ধাপ আছে। প্রথমে থার্মোগ্রাফি ক্যামেরা মাটির কয়েকফুট নীচে অবধি ঢুকিয়ে দেওয়া হবে। তাতে থাকবে সেন্সরও। মাটির নীচের তাপমাত্রা মেপে ও ছবি তুলে তা পাঠাবে আলট্রাসনিক সেন্সরে। সেখান থেকে ডেটা পৌঁছবে কন্ট্রোলরুমে।
বিজ্ঞানীরা বলছেন, কম্পিউটারে এআই অ্যালগোরিদমে আগে থেকেই ল্যান্ডমাইনের তাপমাত্রা-সহ নানা বৈশিষ্ট্যের ডেটা আপলোড করা থাকবে। সেন্সর ও ক্যামেরার পাঠানো তথ্যের সঙ্গে তার মিল হলে এআই সেই ডেটা অ্যানালিসিস করা শুরু করবে। তারপর ল্যান্ডমাইনের অবস্থান ও অন্যান্য জরুরি তথ্য দেবে।
অরিন্দমবাবু আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর আইওটি (ইন্টারনেট অব থিংস) অ্যান্ড এআই ইন্টিগ্রেশন ইউথ এডুকেশন ইন্ড্রাস্টিজ অ্যাগ্রিকালচার’-এর কো-অর্ডিনেটর। এই গবেষণায় কাজে যুক্ত রয়েছে ভিয়েতনামের ডায়টন ইউনিভার্সিটি ও মালয়েশিয়ার টেলাসর ইউনিভার্সিটিও। বিজ্ঞানীরা বলছেন, আগামী দিনে এই প্রযুক্তি আরও অনেক উন্নত হবে। প্রাথমিক কাজ হয়ে গেছে। এবার তার প্রয়োগ করে দেখা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অসাধ্য সাধন করাও সম্ভব বলে মনে করছেন বিজ্ঞানীরা। বিপদ এড়িয়ে নিরাপদে খুব দ্রুত ল্যান্ডমাইন খুঁজে বের করতে এই প্রযুক্তি কাজে লাগবে বলেই জানিয়েছেন তাঁরা।