
শেষ আপডেট: 23 December 2023 12:16
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার আচমকা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরত্বে পৌঁছে গিয়েছিলেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। ঘটনাস্থলে চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কালীঘাট চত্বর।
ওই ঘটনায় ৬০ জন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে ৪ জন পুরুষ ও বাকি ৫৬ জন মহিলা রয়েছেন।
সূত্রের খবর, রাতভর লালবাজার সেন্ট্রাল লক আপে কেটেছে চাকরিপ্রার্থীদের। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শনিবার ধৃতদের আলিপুর সিজেএম আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রের খবর, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ , ১৮৬, ১৪৯, ২৮৩, ১৮৮ ও ৩৪১ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এর মধ্যে সরকারি কর্মচারীদের নিগ্রহ, দায়িত্ব পালনে বাধা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
প্রায় এক বছরের বেশি সময় ধরে শহিদ মিনারে চাকরির দাবিতে আন্দোলন করে আসছেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। সেই আন্দোলনের শুক্রবার ছিল ৫৫৫ তম দিন। হাজরায় পূর্বঘোষিত কর্মসূচির মাঝেই আচমকা চাকরিপ্রার্থীরা পৌঁছে যান মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে। ঘটনার জেরে এলাকায় রীতিমতো উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল।
সাধারণত মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কড়া নিরাপত্তা মোতায়েন থাকে। সেক্ষেত্রে কীভাবে এই রকম জায়গায় আন্দোলনকারীরা পৌঁছে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।