অভিযোগ, দোকানের ভিতরে বিশেষ কেবিন তৈরি করে ঘণ্টা চুক্তিতে মনোরঞ্জনের ব্যবস্থা করেছিলেন দোকানি। বৃহস্পতিবার এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই বাজারে শোরগোল শুরু হয়। বেতাই বাজার সাধারণ ব্যবসায়ী সমিতির সদস্যরা জানান, দোকানে বহুদিন ধরেই কয়েকজনের সন্দেহজনক যাতায়াত লক্ষ্য করা যাচ্ছিল। এই নিয়ে একাধিকবার সেই ব্যবসায়ীকে সতর্ক করা হলেও তিনি গুরুত্ব দেননি।

শেষ আপডেট: 5 December 2025 11:42
কাজল বসাক, নদিয়া: একটু বেলা বাড়লেই দোকানের ঝাঁপ তুলে রান্নার প্রস্তুতি শুরু করে দিতেন দোকানি। এগরোল, চিকেন রোল,মোগলাই, বিরিয়ানি। স্বাদের টানে বিকেল হলেই ভিড় বাড়ত দোকানে। তবে সেখানে যে অন্য মধুরও খোঁজ মেলে তা আর কে জানত!
আশেপাশের দোকানদারদের সন্দেহ হচ্ছিল কয়েকদিন ধরেই। কিন্তু প্রমাণ মিলছিল না। অবশেষে তক্কে তক্কে থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা ধরে ফেললেন এক মক্ষীরানি-সহ তিনজনকে। চপের দোকানের আড়ালে অসামাজিক কার্যকলাপের এই ঘটনা সামনে আসতেই তুমুল শোরগোল পড়ল তেহট্ট মহকুমার বেতাই বাজারে।
অভিযোগ, দোকানের ভিতরে বিশেষ কেবিন তৈরি করে ঘণ্টা চুক্তিতে মনোরঞ্জনের ব্যবস্থা করেছিলেন দোকানি। বৃহস্পতিবার এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই বাজারে শোরগোল শুরু হয়। বেতাই বাজার সাধারণ ব্যবসায়ী সমিতির সদস্যরা জানান, দোকানে বহুদিন ধরেই কয়েকজনের সন্দেহজনক যাতায়াত লক্ষ্য করা যাচ্ছিল। এই নিয়ে একাধিকবার সেই ব্যবসায়ীকে সতর্ক করা হলেও তিনি গুরুত্ব দেননি। এ কারণে স্থানীয়রা বেশ কিছুদিন ধরে সুযোগের অপেক্ষায় ছিলেন।
সেই সুযোগ আসে বৃহস্পতিবার। বাজারের আশপাশের কয়েকজন ব্যবসায়ী এক তরুণ ও এক তরুণীকে দোকানের ভেতরে ঢুকতে দেখেন। এর পরেই স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা একযোগে দোকানে হানা দেন। অভিযোগ, ভিতরে ঢুকেই তারা অসামাজিক কার্যকলাপের প্রমাণ পান এবং হাতেনাতে তরুণ-তরুণীকে আটক করেন। উত্তেজিত জনতা দোকানে ভাঙচুরও চালায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ওই তরুণ তরুণীসহ মোট তিনজনকে থানায় নিয়ে যায় পুলিশ। থানার আধিকারিকরা জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা বলেন, "বেতাই বাস স্ট্যান্ড সংলগ্ন বাজারে এই ধরনের অসামাজিক কাজ কোনওভাবেই বরদাস্ত করা যায় না। বাজার থেকে অল্প দূরেই একটি উচ্চ বিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিদিন সেখানে ছাত্র-ছাত্রীদের যাতায়াত। এমন সংবেদনশীল এলাকায় প্রকাশ্যে খাবারের ব্যবসার আড়ালে এ ধরনের কর্মকাণ্ড চললে তা বরদাস্ত করা হবে না।"
ব্যবসায় সমিতির সদস্য পাঠ্য বিশ্বাস এবং স্বপন ঘোষ অভিযোগ করেন, "অনেকদিন ধরেই ওই ব্যবসায়ীকে সতর্ক করা হচ্ছে। কিন্তু উনি তাতে কান দেননি। চুপচাপ এসব চলতে দেওয়া যায় না। বাজারের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নিরাপত্তা বজায় রাখতে হবে যে কোনও মূল্যে।" এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তারজন্য প্রশাসনকে নজরদারি বাড়ানোর অনুরোধ জানিয়েছেন তাঁরা।