দ্য ওয়াল ব্যুরো:আজাদি চেও না। কারণ তোমরা কখনই তা পাবে না। আর্মির সঙ্গে তোমরা লড়াই করে পেরে উঠবে না। কাশ্মীরি যুবকদের এই বলে সতর্ক করলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।
একটি সংবাদপত্রের সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, কাশ্মীরি যুবকদের হাতে অস্ত্র তুলে নেওয়ার প্রবণতা উদ্বেগজনক।
তাঁর কথায়, আমি কাশ্মীরের যুবকদের বলতে চাই, আজাদি পাওয়া কখনই সম্ভব নয়। যারা আলাদা হতে চাইবে, আজাদি চাইবে, তাদের সঙ্গে সবসময় আমরা লড়াই করব।
সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জঙ্গিদের মৃত্যু সম্পর্কে তিনি বলেন, এনকাউন্টারে করা মারা গেল, তাতে আমরা বেশি গুরুত্ব দিই না। তবে এসবের কোনও মানে হয় না। কারণ তারা আর্মির সঙ্গে লড়াই করে কিছুতেই পারবে না।
একইসঙ্গে তিনি পাকিস্তান ও সিরিয়ার উদাহরণ দিয়ে বলেন, ওইসব দেশের সেনাবাহিনীকে দেখুন। কাশ্মীরিদের বোঝা উচিত, আমাদের দেশের নিরাপত্তারক্ষীরা অত নিষ্ঠুর নয়।
তিনি স্বীকার করেন, কাশ্মীরের যুবকরা রেগে আছে। কিন্তু তাদের বুঝতে হবে, সিকিউরিটি ফোর্সকে আক্রমণ করা, পাথর ছোঁড়া সঠিক কাজ নয়।