
শেষ আপডেট: 7 November 2023 17:23
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সরকারি জমিতে পার্টি অফিস তৈরি করছেন আরাবুল ইসলাম! অভিযোগকে কেন্দ্র করে ভাঙড়ের রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।
বাসন্তী রাজ্য সড়ক লাগোয়া বামনঘাটা বাজারের কাছেই সেচ দফতরের জায়গা। সেখানে গেলে দেখা যাবে, চলছে অফিস তৈরির কাজ। ভিত গড়া হয়ে গিয়েছে। কংক্রিটের পিলারও তোলা হয়ে গিয়েছে সেখানে। আশেপাশে খোঁজ নিলে স্থানীয়রা জানাচ্ছেন, আরাবুলের পার্টি অফিস তৈরি হচ্ছে। কিন্তু সরকারি জায়গা দখল করে কীভাবে অফিস তৈরি করছেন তৃণমূলে এই নেতা?
স্থানীয় সিপিএম নেতার অভিযোগ, ''ওই এলাকায় তৃণমূলের সাত সাতটি অফিস রয়েছে। তবুও আরাবুল নিজের জন্য আলাদা পার্টি অফিস তৈরি করছেন। এই ভাবে শুধু ভাঙড়ে নয়, গোটা রাজ্য জুড়ে দুর্নীতি করে চলেছে তৃণমূল নেতা-মন্ত্রীরা। তাই এটা নতুন কিছুই নয়।''
এই ঘটনায় সরব হয়েছেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকিও। তিনি বলেছেন, ''আমি খবর নিয়ে জেনেছি সিন্ডিকেট রাজ চালানোর জন্য আরাবুল ইসলাম ও তাঁর গুন্ডাবাহিনীর বসার জন্য ওই পার্টি অফিস তৈরি করা হচ্ছে। বামনঘাটার প্রধান ও উপপ্রধানও এই ঘটনার সঙ্গে জড়িত। কলকাতা পুলিশকে অনুরোধ করব, এই অনৈতিক কাজ বন্ধ করার জন্য পদক্ষেপ নিক। তা না হলে বৃহত্তর আন্দোলনে নামব আমরা।''
পার্টি অফিস তৈরি করার বিষয়টি স্বীকার করে নিয়েছেন আরাবুল। তাঁর যুক্তি ওই এলাকায় আগেই পার্টি অফিস ছিল। সব কর্মীকে নিয়ে যাতে এক সঙ্গে বসা যায়, তাই পুরনো অফিসটি ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে। যদি সেচ দফতরের জায়গা হয়, তাহলে তাঁরা পার্টি অফিস ভেঙে দেবেন।
কিন্তু ঘটনা নিয়ে চর্চার অন্ত নেই। স্থানীয়দের প্রশ্ন এখানেই অবৈধ নির্মাণ কেন করছেন আরাবুল? তার খাস তালুক নতুনহাট হাতিশালা ছেড়ে কেন তিনি বামনঘাটাতে উঠে আসতে চাইছেন তিনি? আপাতত ভাঙ্গড়ে আরাবুলের নতুন পার্টি অফিস রয়েছে চর্চার কেন্দ্রে।