
শেষ আপডেট: 20 July 2023 14:07
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) বাংলায় সন্ত্রাস ও অশান্তির জন্য পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) দায়ী করতে চাইলেন অপর্ণা সেন (Aparna Sen), মীরাতুন নাহার সহ বামপন্থী বুদ্ধিজীবীদের একাংশ।
বৃহস্পতিবার গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি একটি আলোচনাচক্রের আয়োজন করেছিলেন। তারপর সেই অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি পড়ে শোনান অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। তিনি বলেন, “আপনি অবগত আছেন যে গত ৮ জুন থেকে এ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে ৫২ জন মানুষ প্রাণ হারিয়েছে। বহু মানুষ নিঁখোজ। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন কমিশনের দায়িত্ব অস্বীকার না করলেও এ কথা বলা যায়, এই ভোটে হত্যালীলা ও অরাজকতার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের ও আপনার।”
অপর্ণাদের কথায়, “স্থানীয় পুলিশ প্রশাসনের উপর নির্ভর করেই কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে চলতে হয়। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এই দায়িত্ব কোনওভাবেই আপনি অস্বীকার করতে পারেন না।”
খোলা চিঠিতে বলা হয়েছে, “আমরা দাবি করছি অবিলম্বে এই রক্তস্নাত পশ্চিমবঙ্গে নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা চালু করার মাধ্যমে পশ্চিমবঙ্গবাসীর প্রাণ, সম্পত্তি রক্ষার জন্য জনগণের দ্বারা নির্বাচিত সরকার উদ্যোগী হোক।”
এ ব্যাপারে প্রশ্ন করা হলে, তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেন, “বাম জমানায় পঞ্চায়েত ভোটের পর অর্পণা সেনদের খোঁজ কেন পাওয়া যেত না? কটা চিঠি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে লিখেছিলেন তিনি? এই পঞ্চায়েত ভোটে সবচেয়ে বেশি কর্মী মারা গিয়েছে তৃণমূলের। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তৃণমূলকেই কাঠগড়ায় তোলার চেষ্টা হচ্ছে।”
এদিন অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্পণা সেনকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তাহলে কি পরিবর্তনের জন্য লড়াই করা ভুল হয়েছিল? জবাবে তিনি বলেন, না তা কেন? বাংলায় তখন পরিবর্তন দরকার ছিল। বামফ্রন্ট জমানার শেষদিকে যেমন হার্মাদরা দাপিয়ে বেড়াচ্ছিল, যেখানে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছিল, তাতে পরিবর্তন দরকার ছিল। অপর্ণার কাছে এও জানতে হয়, তাহলে এখন ফের পরিবর্তন দরকার বলে মনে করেন? জবাবে তিনি বলেন, হ্যাঁ পরিবর্তন দরকার। কিন্তু কে আছে? চারিদিকে তো অন্ধকার কাউকে দেখতে পাচ্ছি না। সব রাজনৈতিক দল দুর্নীতিগ্রস্ত, আর যারা দুর্নীতিগ্রস্ত নয়, তারা ভোট পায় না।
‘এ কোন দেশ? লজ্জা লাগছে!’ শীঘ্রই কয়েকজন মুখ্যমন্ত্রীকে নিয়ে মণিপুরে যেতে পারি: মমতা