
শেষ আপডেট: 2 November 2023 20:10
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: দিল্লির তিহাড় জেলে দিন কাটাচ্ছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। বারে বারে সিবিআই আদালতে জামিন চেয়েও বিফল হয়েছেন অনুব্রত। বীরভূমে এখন আবছা হয়ে আসছে দাপুটে নেতার ছবি। সেখানে স্পষ্ট হয়ে উঠছে কাজল শেখের অবস্থান। এবার এই ইস্যুকে উস্কে দিলেন সুখেশ চক্রবর্তীর পোস্টার।
শান্তিনিকেতনের পরিচিত মুখ সুখেশবাবু। তাঁর টোটোকে সকলে ঠাকুরের টোটো বলেই ডাকে। একাধিক ইস্যুতে প্রতিবাদী পোস্টার দেওয়ার জন্য বীরভূমের মাটিতে খ্যাতি রয়েছে ঠাকুরের টোটোর। এর আগেও তৃণমূলের নেতা মন্ত্রীদের নিয়ে বহু বিতর্কিত পোস্টার ঝুলিয়েছেন তাঁর বাহনে। পার্থ-অর্পিতা হোক বা কেষ্ট কাউকেই ছেড়ে কথা বলেননি সুখেশবাবু। টোটোর পিছনে বিতর্কিত পোস্টার সাঁটিয়ে ঘুরে বেড়িয়েছেন শান্তিনিকেতনের অলিগলিতে। এবার অনুব্রত মণ্ডল বনাম কাজল সেখ সংক্রান্ত পোস্টার করে সাড়া ফেলে দিয়েছেন তিনি। দুই নেতার দুই দিক তুলে ধরেছেন পোস্টারে।
পোস্টারের উপর দিকে দেখা যাচ্ছে, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখকে। বাঁ দিকে রয়েছে তার ছবি। তার পাশে লেখা '' সত্যের পথে চললে পরে জীবনে অনেক দুঃখ কষ্ট আসে, কিন্তু সত্যের জয় হয় শেষে।''
ঠিক তার নীচে লেখা, ''কিন্তু অসৎ পথে চললে পরে, এই হয় পরিণতি হয় শেষে...''। এরপরেই ডান দিকে রয়েছে কালো গাড়ি লালবাতি। যে গাড়ি নিয়ে জেলায় ঘুরতেন অনুব্রত মণ্ডল, আর এই ছবির পাশে গারদের ভিতরে অনুব্রতর কার্টুন ছবি। এখন ঠাকুরের টোটোর এই পোস্টারই বীরভূমের রাজনৈতিক মহলের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।