তিনি ক্ষমা চেয়ে নেওয়ায় পুলিশ আদৌ কড়া পদক্ষেপ করবে কিনা তা নিয়েও বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে।

অনুব্রত মণ্ডল
শেষ আপডেট: 30 May 2025 21:29
দ্য ওয়াল ব্যুরো: পুলিশ কর্তাকে ফোন করে অশ্রাব্য গালাগাল। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আচরণে ক্ষুব্ধ তাঁর দলই। অডিও ভাইরাল হওয়ার পরই বীরভূমের নেতাকে ৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে বলেছিল তৃণমূল (TMC)। তিনি অবশ্য অত সময় নেননি। ঘণ্টাখানেকের মধ্যে চিঠি এবং ভিডিও বার্তা দিয়ে ক্ষমা চেয়ে নেন। তবে অনুব্রতর বিরুদ্ধে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে দল। নিরাপত্তায় কোপ (Security) পড়েছে তাঁর।
অনুব্রত মণ্ডলের ৫ জন হাউস গার্ড ছিল। তাঁদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি ৪ জন নিরাপত্তারক্ষীও আর পাবেন না তিনি। এখানেই শেষ নয়, পুলিশ কর্তাকে হুমকি-বিতর্কে সরিয়ে দেওয়া হয়েছে তাঁর জন্য বরাদ্দ একটি গাড়িও! যদিও অনুব্রতর জন্য অস্বস্তি আরও বাকি রয়েছে। পুলিশের তরফেও তাঁর বিরুদ্ধে কড়া মনোভাব দেখানো হয়েছে। শনিবারই তাঁকে থানায় ডেকে পাঠিয়েছে থানা।
বৃহস্পতিবার সন্ধে থেকে সোশ্যাল মাধ্যমে একটি অডিও ক্লিপ (Audio Clip) ভাইরাল হয়। তাতে শোনা যায় বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করছেন বীরভূম জেলার প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সেই গালমন্দের বহর এমনই যে কান পাতা দায়। শুধু সেই পুলিশ অফিসার নয়, ফোনে গালমন্দ করার সময়ে তাঁর স্ত্রী ও মা সম্পর্কে নোংরা কথা বলেন অনুব্রত মণ্ডল।
এরপরই নবান্নের নির্দেশে শুক্রবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২২৪, ১৩২, ৩৫১ ও ৭৫ ধারায় মামলাও দায়ের হয়েছে। যদিও অডিও ভাইরাল হওয়ার ঘটনায় দলের কড়া নির্দেশের পর এ ব্যাপারে দলকে চিঠি লিখে ক্ষমা চাওয়ার কথা জানানোর পাশাপাশি সাংবাদিক বৈঠক থেকেও এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেষ্ট। তিনি ক্ষমা চেয়ে নেওয়ায় পুলিশ আদৌ কড়া পদক্ষেপ করবে কিনা তা নিয়েও বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টে নাগাদ প্রেস কনফারেন্স করেন অনুব্রত। টাইপ করা একটা চিঠির নিচে সই করে ক্ষমাও চান। সেই চিঠিতেই লেখা, ‘দিদির পুলিশের কাছে ১০০ বার ক্ষমা চাইতে পারি’। তবে তাঁর অডিও কীভাবে ভাইরাল হল, সেই প্রশ্নও তুলেছেন বীরভূমের নেতা।