এই কোর কমিটিতে রয়েছেন আরও কিছু প্রভাবশালী নাম— অভিজিৎ সিনহা, চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ, কাজল শেখ-সহ দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল। আর কেষ্ট ‘প্রথম পুরুষ’।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 28 July 2025 20:07
দ্য ওয়াল ব্যুরো: নাটকের পর নাটক বীরভূমে। গরুপাচার মামলায় গ্রেফতারি, দীর্ঘদিন হজতবাস, তারপর জামিনে মুক্তি— সব পেরিয়ে অবশেষে ফের তৃণমূলের জেলা সংগঠনের হর্তাকর্তা অনুব্রত মণ্ডল। সোমবার রাঙাবিতানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে সিদ্ধান্ত, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনরের (আহ্বায়ক) দায়িত্ব তুলে দেওয়া হল তাঁর স্নেহভাজন ‘কেষ্ট’-র হাতেই।
দু'বছর আগে অনুব্রতের অনুপস্থিতিতে গড়ে তোলা হয়েছিল এই কোর কমিটি। দলীয় নেতৃত্ব বার বার জানিয়ে এসেছে, জেলার সংগঠন এই কমিটির হাতেই থাকুক। প্রথমে বিকাশ রায়চৌধুরী কনভেনর হলেও, সেই পদ পরে খালি ছিল। চেয়ারম্যান ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। মাঝে কমিটিতে সম্প্রসারণও হয়, তাতে ফিরিয়ে আনা হয় অনুব্রতকে। কিন্তু সোমবারের বৈঠক আরও নাটকীয়। মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়ে দিলেন, এ বার কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল।
মাস খানেক আগে বোলপুরের আইসিকে গালিগালাজের পর অনুব্রতকে (Anubrata Mondal) ঘিরে তৃণমূলের (TMC) অন্দরে চাপা অস্বস্তি চলছিল। এমনকি একুশে জুলাইয়ের (21 July) আগের দিন ধর্মতলায় গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা হয়নি তাঁর, মঞ্চেও ছিলেন না কেষ্ট। বরং সেই মঞ্চেই উঠে এসেছিলেন কাজল শেখ, যিনি বর্তমানে জেলার রাজনৈতিক পরিমণ্ডলে আলাদা গুরুত্ব পাচ্ছেন। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি কেষ্টের পাততাড়ি গোটানোর সময় এসে গিয়েছে? সব প্রশ্ন জলাঞ্জলি দিয়ে সোমবার সন্ধ্যায় খবর হয়ে গেল, লালমাটির জেলার দায়িত্বে কেষ্টই।
এই কোর কমিটিতে রয়েছেন আরও কিছু প্রভাবশালী নাম— অভিজিৎ সিনহা, চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ, কাজল শেখ-সহ দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল। আর কেষ্ট ‘প্রথম পুরুষ’।
তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে এই সিদ্ধান্তের গুরুত্ব অপরিসীম। একদিকে যেখানে বিরোধীরা অনুব্রতের নামে আক্রমণ শানাতে ব্যস্ত, সেখানে দলনেত্রী স্পষ্ট করে দিলেন— বীরভূমে তাঁর আস্থা, তাঁর ভরসা এখনও ‘কেষ্ট’ মণ্ডলের উপরেই।