বেশ কয়েক বছর ধরেই নিয়োগ মামলায় ইডি-সিবিআই তদন্ত করছে। শাসক দলের বহু নেতা, মন্ত্রী এই ইস্যুতে গ্রেফতারও হয়েছেন।

অম্বরীশ সরকার
শেষ আপডেট: 19 May 2025 15:31
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) ফের সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি (ED)। আর আবারও তাঁদের নজরে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC Leader) এক নেতা। এবার তাঁরা তরফ করল দক্ষিণ দিনাজপুরের যুব তৃণমূল সভাপতি অম্বরীশ সরকারকে (Ambarish Sarkar)। সোমবারই তাঁকে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ডাকা হয়েছে। তবে তিনি তলবে সাড়া দেবেন কিনা, তা স্পষ্ট নয়।
বেশ কয়েক বছর ধরেই নিয়োগ মামলায় ইডি-সিবিআই তদন্ত করছে। শাসক দলের বহু নেতা, মন্ত্রী এই ইস্যুতে গ্রেফতারও হয়েছেন। তবে দুর্নীতির শেষ কোথায় তা এখনও কারও কাছে পরিষ্কার নয়। নতুন করে ফের এই মামলার তদন্তে সক্রিয় হয়ে আরও এক তৃণমূল নেতার নাম জেনেছে ইডি। তিনিই অম্বরীশ সরকার। সূত্রের খবর, গ্রুপ সি ও গ্রুপ ডি মামলায় একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে। তার তদন্তে ইতিমধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা। তাদের অনেকের মুখেই অম্বরীশের নাম শোনা গেছে। সেই পরিপ্রেক্ষিতেই তাঁকে তলব করেছে ইডি।
তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি ও জেলা পরিষদের সহকারি সভাধিপতি পদে রয়েছেন অম্বরীশ। এছাড়া তিনি দলের একজন মুখপাত্রও। তবে সম্প্রতি তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। তবে যিনি মামলা করেছিলেন তিনি প্রকাশ্যে আসেননি। গ্রুপ-ডি নিয়ে এই অভিযোগ দায়ের হয়েছিল বলে খবর। সেই মামলাতেই সোমবার অম্বরীশকে তলব করা হয়েছে।
তৃণমূল নেতা অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর কথায়, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তিনি। দুর্নীতির সঙ্গে কোনও যোগসূত্র নেই তাঁর, এমনকী ১০ লক্ষ্য টাকা নেওয়ার যে অভিযোগ সেটাও ভুয়ো বলে দাবি করেছেন অম্বরীশ। জানা গেছে, তিনি হাজিরা দিলে তাঁর বয়ান রেকর্ড করা হবে। পাশাপাশি, যে সমস্ত তথ্য বর্তমানে তদন্তকারীদের হাতে রয়েছে তা তাঁর দেওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে।