দলই শেষ কথা বলবে। দলই সব। সংগঠন ব্যক্তিগত অধিকার দেখানোর জায়গা নয় তা আরও একবার ঠারেঠোরে বুঝিয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল
শেষ আপডেট: 18 May 2025 17:56
দ্য ওয়াল ব্যুরো: দলই শেষ কথা বলবে। দলই সব। সংগঠন ব্যক্তিগত অধিকার দেখানোর জায়গা নয় তা আরও একবার ঠারেঠোরে বুঝিয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
রোববার যখন বীরভূমে কোর কমিটির বৈঠক হচ্ছে, তখন কাজল শেখ (Kajal Shekh) এবং অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) মুখোমুখি। এমন সময় নাকি নেত্রী সটান কেষ্টকে ফোন করে নির্দেশ দিয়েছেন, আগে যা হয়েছে হয়েছে, আগামী দিনে জেলায় দলের কোনও মিটিং-মিছিল যেন তিনি না ডাকেন। কর্মসূচির আয়োজনের দরকার পড়লে তা করবেন জেলায় দলের চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর তৃণমূল (Trinamool) সূত্রে।
গত শুক্রবার তৃণমূলের সাংগঠনিক রদবদল হয়েছে। যেখানে জেলা সভাপতি পদটাই তুলে দেওয়া হয়েছে। বদলে তৈরি করা হয়েছে কোর কমিটি। তাতে আমন্ত্রিত সদস্য জেলার দুই সাংসদ, শতাব্দী রায় এবং অসিত মাল। জেলা চেয়ারপার্সনের দায়িত্ব পেয়েছেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। আর দায়িত্ব পেয়েই তিনি দীর্ঘদিন না হওয়া দলের কোর কমিটির বৈঠক ডাকেন ১৮ মে, অর্থাৎ আজ।
এদিনের কোর কমিটির প্রায় সব সদস্যই হাজির থাকলেও ব্যক্তিগত কারণে আসতে পারেননি সাংসদ শতাব্দী। দলের পূর্বঘোষিত কর্মসূচি থাকায় গরহাজির ছিলেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহাও। তবে ব্যক্তিগত বৈরিতা ভুলে মুখোমুখি হন কেষ্ট-কাজল। দু'জনের মধ্যে প্রচ্ছন্ন দ্বন্দ্ব থাকলেও কাজল অনুব্রতকে নিজের 'রাজনৈতিক গুরু' বলেই পরিচয় দিয়ে এসেছেন।
রোববার বৈঠক শেষ করে বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বলেন, অনুব্রত মণ্ডলের পূর্ব ঘোষণা মোতাবেক ২৪ মে রামপুরহাট, ২৫ মে বোলপুর এবং ২৬ মে সিউড়িতে বড় মিছিল হবে। এ নিয়ে আগে বিতর্ক থাকলেও এদিনের কোর কমিটির বৈঠকে অনুব্রতর ঘোষণাকে মান্যতা দেওয়া হয়েছে।
রামপুরহাটের বিধায়ক আরও জানিয়েছেন, এবার থেকে প্রত্যেক মাসে দু’বার করে এই কোর কমিটির বৈঠক হবে। পরের বৈঠক ১৪ জুন সিউড়িতে, তার পরেরটি ২৮ জুন বোলপুরে।