কীভাবে মৃত্যু হয়েছে তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই কারণ পরিষ্কার হবে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 20 September 2025 15:44
দ্য ওয়াল ব্যুরো: আবারও অস্বাভাবিক মৃত্যু আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur)। আর এই ঘটনার জেরে ফের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল।
শনিবার দুপুর দু’টো নাগাদ ক্যাম্পাসের বিআর আম্বেডকর হলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক ছাত্রের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ছাত্রের নাম হর্ষকুমার পাণ্ডে, তাঁর বাড়ি ঝাড়খণ্ডে (Jharkhand)। জেলার এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, কীভাবে মৃত্যু হয়েছে তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই কারণ পরিষ্কার হবে।
চলতি বছরেই ছ’জনের অস্বাভাবিক মৃত্যু
আইআইটি খড়্গপুরে চলতি বছরে এ নিয়ে ছ’জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল। এর মধ্যে পাঁচ জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। জানুয়ারিতে মৃত্যু হয়েছিল শোয়ান মালিকের। মার্চে প্রাণ হারান মহম্মদ আসিফ কামার। এপ্রিল মাসে অনিকেত ওয়ালকর, গত ১৮ জুলাই মাসে কলকাতার রিজেন্ট পার্কের বাসিন্দা ঋতম মণ্ডলের মৃত্যু হয়। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল।
এই ঘটনার মাত্র তিন দিনের মাথায়, ২১ জুলাই রাতে গলায় ওষুধ আটকে প্রাণ হারান চন্দ্রদীপ পওয়ার নামের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি ছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা।
আইআইটি খড়্গপুরের ক্যাম্পাসে ক্রমাগত মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে পড়ুয়া মহল ও অভিভাবকদের মধ্যে। প্রতিষ্ঠানের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য সহায়তা ব্যবস্থার দিকে নতুন করে প্রশ্ন উঠছে।