
গ্রামসভায় তুলকালাম
শেষ আপডেট: 15 December 2024 18:54
দ্য ওয়াল ব্যুরো: আবাসে আবেদনকারী হিসেবে ৫ হাজার ৭০০ জনের নাম ছিল। কিন্তু তার মধ্যে মাত্র ৫৬৫ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। আর তাতেই তুমুল অশান্তি কোচবিহারের ওকরাবাড়িতে। একই ঘটনা পুঁটিমারিতেও। বঞ্চনার অভিযোগে গ্রামসভা চলাকালীনই চেয়ার-যুদ্ধ।
পঞ্চায়েত প্রধানের স্বামী জানান, আবাসের তালিকায় নাম পাঠালেও চূড়ান্ত তালিকায় অনেকরই নাম ওঠেনি। সভা চলাকালীন সেই খবর জানতেই রীতিমতো চেয়ার তুলে আছাড় মেরে তাণ্ডব, ভাঙচুর চলে। বিক্ষুদ্ধদের অভিযোগ, যোগ্যদের নাম বাদ দেওয়া হয়েছে আবাসের তালিকা থেকে। বেশ কয়েকদিন ধরে গ্রামে ক্ষোভ বাড়ছিল।
এদিন সেই সমস্যা নিয়েই গ্রাম সংসদ সভা বসেছিল। কিন্তু, আলোচনা কিছুদূর এগোতে না এগোতেই শুরু হয়ে যায় ব্যাপক উত্তেজনা। পঞ্চায়েত অফিসে দেদার ভাঙচুর চালায় গ্রামবাসীরা। জয়েন্ট বিডিও-সহ প্রধানকে তালাবন্ধ করে দেয় উত্তেজিত জনতা।
অন্যান্য গ্রাম পঞ্চায়েতে আবাসের তালিকায় প্রচুর নাম থাকলেও পুঁটিমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মাত্র ৩৬৮ টি নাম এসেছে। যার ফলে বাদ পড়েছেন বহু যোগ্য। কেন এমন হবে, সেই প্রশ্ন তুলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।