কালীগঞ্জে বোমার আঘাতে দশ বছরের নাবালিকার মৃত্যু ঘিরে সরগরম গোটা রাজ্য। এই ঘটনায় নতুন মাত্রা যোগ করল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আনোয়ার শেখের হুমকির ভিডিও।

শেষ আপডেট: 26 June 2025 19:24
কালীগঞ্জে বোমার আঘাতে দশ বছরের নাবালিকার মৃত্যু ঘিরে সরগরম গোটা রাজ্য। এই ঘটনায় নতুন মাত্রা যোগ করল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আনোয়ার শেখের হুমকির ভিডিও। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ জয়ী হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দলের কর্মী সমর্থকরা। জায়গায় জায়গায় বের হয় বিজয় মিছিল। অভিযোগ, সেই বিজয়মিছিল থেকেই বোমা ছোড়া হয় হোসেন শেখের বাড়ি লক্ষ্য করে। ওই সময় ঘরে ভাত খেতে বসেছিল হোসেন শেখের ১০ বছরের মেয়ে। বোমার আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মেয়ের মৃত্য়ুর খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ওড়িশা থেকে বাড়ি ফেরেন হোসেন শেখ। তাঁকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।
পরিবারের পক্ষ থেকে ২৪ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত পাঁচজনের ভিতরে রয়েছেন এই আনোয়ার শেখ। ভাইরাল হওয়া ভিডিওতে গ্রামের লোকেদের রীতিমতো হুমকি দিতে দেখা যায় তাকে। এই ভাইরাল ভিডিও ঘিরে নতুন করে হইচই পড়েছে। নিন্দা করেছে শাসক-বিরোধী দুই শিবিরই।
সরব হয়েছেন নাবালিকার মা সাবিনা খাতুনও। সম্প্রতি ভাইরাল হওয়া আনোয়ার শেখের এই ভিডিও সম্পর্কে তিনি বলেন, "এই ছবি আমি আগেই দেখেছি, তাও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি কেন?" অভিযুক্তদের বেশিরভাগই এখনও অধরা, আর সেই কারণেই পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস রাখতে পারছেন না তিনি। সাংবাদিকদের সামনেই তিনি স্পষ্ট বলেন, “আমি মেয়ের মৃত্যুর সিবিআই তদন্ত চাই।”