
শেষ আপডেট: 28 March 2023 13:13
দ্য ওয়াল ব্যুরো: গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে পলাতক পাঞ্জাবের খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং (Amritpal Singh)। ইতিমধ্যে তাঁর একাধিক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এমনকী হরিয়ানায় তাঁকে যেই মহিলা আশ্রয় দিয়েছিলেন, তাঁকেও পাঞ্জাব পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। এরমধ্যেই খবর মিলেছে যে, অমৃতপাল সিং দিল্লিতে (Delhi) আছেন। একটি সিসিটিভি ফুটেজে (CCTV footage) তাঁর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্যও ধরা পড়েছে।
সেই ফুটেজে দেখা গিয়েছে যে, অমৃতপাল সিং পাগড়ি ছাড়াই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। পুলিশকে এড়াতে আপাতত তিনি ছদ্মবেশেই থাকছেন। গত সপ্তাহেই তাঁর সম্ভাব্য সাতটি ছদ্মবেশের ছবি প্রকাশ্যে এনেছে পাঞ্জাব পুলিশ। এদিন তাঁকে একটি সানগ্লাস এবং একটি ডেনিম জ্যাকেট পরে থাকতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে অমৃতপালের পাশাপাশি তাঁর সহযোগী পাপলপ্রীত সিংকেও দেখা গিয়েছে।
সিসিটিভি ফুটেজ থেকে পুলিশের অনুমান, অমৃতপাল সিং এবং পাপলপ্রীত সিং হরিয়ানার কুরুক্ষেত্র হয়ে দিল্লিতে এসেছিলেন। হরিয়ানার এই খলিস্তানি নেতাকে যে মহিলা আশ্রয় দিয়েছিলেন, তাঁকে জেরা করে অমৃতপালের গতিবিধি জানার চেষ্টা চলছে। তিনি এখনও দিল্লিতে লুকিয়ে রয়েছেন কিনা, তা জানতে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে মনে করা হচ্ছে, অমৃতপাল সেখান থেকে জাল পাসপোর্ট তৈরি করে প্রতিবেশী দেশ নেপালেও পালিয়ে যেতে পারেন। তাই সেদেশের প্রশাসনকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
খলিস্তানি নেতা অমৃতপাল কি নেপালে গা ঢাকা দিলেন? পড়শি দেশকে বার্তা পাঠাল ভারত