
শেষ আপডেট: 15 March 2023 16:06
দ্য ওয়াল ব্যুরো: এ এক মা ও মেয়ের গল্প। এমন এক গল্প যা সমাজের চোখে হয়তো বিসদৃশ। লোকের তীর্যক মন্তব্যের শিকার হতে হয় অহরহ। এ যেন আয়ুষ্মান খুরানা অভিনীত 'বাধাই হো' ছবিরই চিত্রনাট্য। যেখানে ২৫ বছরের যুবক জানতে পেরেছিলেন, তাঁর মা আবারও অন্তঃসত্ত্বা (pregnant)। বাস্তবে এই একই ঘটনা ঘটেছে কেরালায়।
২৩ বছরের এক তরুণী হঠাৎই জানতে পারেন তাঁর মা সন্তানসম্ভবা। মায়ের বয়স ৪৭। এই বয়েসে ফের একবার মা হওয়াকে সমাজ কিছুটা বাঁকা চোখেই দেখে। তবে তরুণী, মা অন্তঃসত্ত্বা হওয়ায় লজ্জিত হননি। বরং মায়ের পাশে থেকে, সাহস জুগিয়েছেন সমাজের বক্রোক্তিগুলি উপেক্ষা করতে। তাঁর মায়ের ৪৭ বছর বয়সে ফের মা হওয়ার গল্প শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। মেয়েটির আন্তরিক পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral post)।
তরুণী লিখেছেন, 'একটা ফোন কল জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।‘ তাঁর পোস্ট থেকে জানা যায়, হঠাৎ একদিন মেয়েটির বাবা ফোনে জানায় তরুণীর মা সন্তানসম্ভবা। সমাজে কীভাবে মুখ দেখাবেন তা নিয়ে মা-বাবা দুজনেই চিন্তায় রয়েছেন। ২৩ বছরের একটি সন্তান থাকার পর আবারও সন্তানসম্ভবা! সমাজের উপহাস তাঁরা এড়াবেন কী করে! কিন্তু মেয়েটি দমেননি।
তরুণী যখন খবর পান, সে সময় তাঁর মা আট মাসের অন্তঃসত্ত্বা। একথা জানার পর মেয়েটি আর কিছু ভাবেননি। চেয়েছিলেন, সন্তানের জন্ম হোক। অবশেষে তরুণীর মা এক কন্যা সন্তানের জন্ম দেন।
প্রসঙ্গত, ডাক্তারি ভাষায় একে বলে অ্যাডভান্স মেটারনাল এজ প্রেগনেন্সি। এর ফলে ৪০ বছরের পরেও মহিলারা অন্তঃসত্ত্বা হতে পারেন। মেনোপজের পর হঠাৎ পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই ধরে নেন অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু চিকিৎসকদের মতে কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে। এই তরুণীর মায়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তিনি যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন সেটা নিজেই সাত মাস পর্যন্ত বুঝতে পারেননি।
তরুণী জানান, 'ছোটবেলা থেকেই চাইতাম ভাই বা বোন হোক। মাকে বলতামও। এত বছর পর এখন ‘দিদি’ ডাকটা শোনার অপেক্ষায় রয়েছি।'