
অমিত শাহ
শেষ আপডেট: 21 October 2024 12:57
দ্য ওয়াল ব্যুরো: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে যে কোনও দিন বনগাঁয় ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল স্থলবন্দর পরিদর্শনে যাবেন। তাঁর নিরাপত্তার কারণে মঙ্গল থেকে বৃহস্পতি পর্যন্ত তিনদিন এই সীমান্ত দিয়ে পণ্য লেনদেন বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার চলবে। এছাড়া দুই পান্তে পণ্য লোড-আনলোডের কাজও চলবে।
শেখ হাসিনা দেশ ছাড়ার পর এই প্রথম স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর মতো ভারত সরকারের গুরুত্বপূর্ণ পদাধিকারী বাংলাদেশ সীমান্তে যাচ্ছেন। এমন সময়ে শাহ সীমান্তে যাচ্ছেন যখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে তাঁর মন্তব্যে সে দেশের ঘরোয়া রাজনীতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। দিন দশ আগে ঝাড়খণ্ডে নির্বাচনী সভায় শাহ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। ওই মন্ত্যবের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় ভারতীয় দূতাবাসের কাছে জোরালো আপত্তি জানিয়েছে বলে খবর।
এদিকে, কেন্দ্র ও রাজ্য সরকারের নিরাপত্তা এজেন্সিগুলি শাহের সুরক্ষা একশো শতাংশ নিশ্চিত করতে তৎপর। বাংলাদেশ সরকারকেও শাহের সীমাম্ত বন্দর পরিদর্শনের প্রেক্ষিতে পণ্য আনা-নেওয়া বন্ধ রাখার কথা জানিয়ে দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে বাংলাদেশ প্রশাসন ওপারে তাদের বেনাপোল সীমান্তেও উপযুক্ত সুরক্ষার ব্যবস্থা করবে।
ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি এবং মানুষের যাতায়াত বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়েই বেশি হয়। ভারত সরকার পেট্রাপোল স্থল বন্দর আধুনিকীকরণের কাজ শুরু করেছে বেশ কয়েক বছর আগে। সীমান্তরক্ষী বাহিনীও ওই স্থলবন্দর এবং লাগোয়া এলাকায় সবচেয়ে বেশি সক্রিয়। সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত বিএসএফ স্বরাষ্ট্র দফতরের অধীনে কাজ করে।
শাহ তিনদিনের মধ্যে কোন দিন পেট্রাপোল সীমান্তে যাবেন এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার তাঁর রাজ্যে আসার কথা। সরকারি কাজের ফাঁকে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন তিনি।