
শেষ আপডেট: 12 February 2024 12:45
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবারই তাঁর সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি কলকাতায় পৌঁছনোর কথা শাহের। পরদিন তিনি যাবেন মায়াপুরের ইসকন মন্দিরে। তবে কী রাম-নামের পর কৃষ্ণ আবেগে শান? ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
শাহের বঙ্গ সফরে খুঁটিনাটি ঠিক হয়ে গিয়েছে বলে গেরুয়া শিবির সূত্রের খবর। জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের শেষ দিন মায়াপুর যাবেন অমিত শাহ। শুধু ইসকন মন্দির দর্শন নয়, লোকসভার আগে বাংলায় বেশ কয়েকটি নির্বাচনী বৈঠকও সারবেন তিনি। রানাঘাট সহ কয়েকটি লোকসভার নেতাদের সঙ্গে অমিত শাহের বৈঠক করার কথা রয়েছে। কলকাতাতেও রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি।
এদিকে আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ফলে শাহর বঙ্গ সফরের সময়ে চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই সেসময় তিনি কোনও প্রকাশ্য সমাবেশ করবেন না। যদিও বিজেপির রাজ্য নেতৃত্বের তরফে এখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি নিশ্চিত ঘোষণা করা হয়নি। তবে ফেব্রুয়ারির শেষে অমিত শাহ বাংলায় থাকবেন বলেই সূত্রের খবর।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালেও মায়াপুরের ইসকন মন্দিরে গিয়েছিলেন অমিত শাহ। গত বছরে ইস্কনে অনেকটা সময় কাটিয়ে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তবে শুধু ইস্কনই নয়, মতুয়া ধর্মমতের প্রবক্তা হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা সফরে এসে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় বিজেপি নেতাদের বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার ছবি ধরা পড়েছে। এবার লোকসভা নির্বাচনের আগে শাহের ইসকন মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বাংলার রাজনৈতিক মহল।