
শেষ আপডেট: 2 December 2023 12:24
দ্য ওয়াল ব্যুরো, দেগঙ্গা: স্কুলের শৌচাগারে ড্রাম ভর্তি চাল। এবার শিক্ষকের বিরুদ্ধেই উঠল মিড ডে মিলের চাল চুরির অভিযোগ! দেগঙ্গার রাজুকবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। চাল চুরির অভিযোগে শিক্ষকদের তালা মেরে আটকে রাখেন তাঁরা। এমনকী, শিক্ষকদের মারধর করারও অভিযোগ উঠেছে। ঘটনাটিতে শনিবার সকালে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার চৌরাশি গ্রামে।
গ্রামবাসীদের অভিযোগ, স্কুলের টিচার ইনচার্জ সমীর কুমার দে দীর্ঘদিন ধরে মিড ডে মিলের চাল চুরি করছেন। শনিবার সকালে যা হাতেনাতে ধরে ফেলেন গ্রামের বাসিন্দারা। ওই স্কুলের টিচার ইনচার্জ ও চৈতন্য পাল নামে এক পার্শ্বশিক্ষককে আটকে রাখেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে ধরা পড়ে যেতেই শিক্ষকেরা একে অপরের ঘাড়ে দোষ চাপাতে থাকেন। টিচার ইনচার্জকে নিশানা করে পার্শ্বশিক্ষক দাবি করেন, তাঁর সই জাল করে মিড ডে মিলের চাল দিনের পর দিন চুরি করে বিক্রি করে দেওয়া হচ্ছে। যদিও সেই দাবি মানতে নারাজ টিচার ইনচার্জ। তাঁর অভিযোগ, মিড মিলের দুর্নীতি তাঁর আমলে হয়নি। এমনকী চৈতন্য পাল পড়ুয়াদের বই বিক্রি করে দেন বলেও অভিযোগ করেছেন তিনি।
বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মিড ডে মিল নিয়ে দফায় দফায় উঠে আসছে অভিযোগ। আর এবার মিড ডে মিলের চাল শৌচাগারের মধ্যে রেখে দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন শিক্ষকেরা । আর স্কুলের শিক্ষকদের এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্লকের মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।