
প্রতীকী ছবি
শেষ আপডেট: 26 November 2024 07:12
দ্য ওয়াল ব্যুরো: খিদের জ্বালা বড় দায়। এক মুঠোভাতের জন্য ভাইয়ের হাতে খুন হলেন দাদা। মা-বাবা কেউ নেই। অনাথ দুই ভাইই একে অপরকে দেখাশোনা করে। একসঙ্গেই মাসির বাড়িতে থাকত। ২৮ বছরের দিনমজুর দাদা ১৬ বছরের ভাইকে খাওয়াতেন। তাঁকেই ভাইয়ের হাতে খুন হতে হল।
আলিপুরদুয়ারের শামুকতলা থানার কার্তিকা এলাকার ঘটনা। বড় ভাই বাবুলাল নিজে রান্না করে খাওয়াতেন ছোট ভাই বিমান কুজুরকে। রোববার রাতে বাবুলাল রান্নাবান্না সেরে নিজেই খেতে বসে পড়েন। সেটা দেখতে পেয়ে ছোট ভাই বিমান রেগে যায়।
পরিবারের সদস্যরা জানান, বড় ভাইকে খাবার ছেড়ে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে ছোট ভাই। তখন দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বড় ভাই বাবুলাল ছোট ভাই বিমানকে মারধর করে! এমনিই পেটে খিদের জ্বালা, তার মধ্যে দাদা মেরেছে। মাথা ঠিক রাখতে না পেরে ক্ষিপ্ত হয়ে ওঠে বিমান।
পুলিশ সূত্রে খবর, ঘরে পড়ে থাকা একটি ইট তুলে রাগের চোটে সোজা দাদা বাবুলালের মাথায় আঘাত করে বিমান। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ২৮ বছরের বাবুলাল। এরপরেও রাগ কমেনি! সামনে থাকা বড় পাথর দিয়ে বড় ভাইয়ের মাথা থেঁতলে দেয় বলে অভিযোগ বিমানের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবুলালের।
পুলিশ প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করে জেনেছে, দাদা বেঁচে নেই বুঝতে পেরে বিমান দাদার মৃতদেহ লোপাট করার জন্য বাড়িতেই মাটি খুঁড়ে চার ফুট গর্ত করে। এই কাজ শেষ করতে করতে সকাল হয়ে যায়।
দাদার ভারী দেহ একা টেনে নিয়ে যেতে চেষ্টা করে ওই গর্তে, কিন্তু একার পক্ষে সেটা সম্ভব হচ্ছিল না। এই সময় এক প্রতিবেশী তাকে দেখে ফেলে। তিনিই শামুকতলা থানায় খবর দেন। এরপর পুলিশ এসে মৃতদেহ থানায় নিয়ে যায়। ছোট ভাই বিমানকে গ্রেফতার করে জুভেনাইল কোর্টে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।