
শেষ আপডেট: 12 May 2024 09:20
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের দেড় বছরের মাথায় এক গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
অভিযোগ, নগদ ১০ লক্ষ টাকা এবং দাবি মতো সোনার গহনা দেওয়ার পরও শ্বশুরবা়ির চাহিদা মেটানো যায়নি। তারই জেরে বধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ।
হুগলির চন্দননগরের ঘটনা। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃত বধূর স্বামীকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বধূর নাম প্রীতি সিং (২১)। ২০২২ সালের ডিসেম্বর মাসে চন্দননগর সুরের পুকুর গুইবাগানের বাসিন্দা মৃত্যুঞ্জয় সিংয়ের সঙ্গে উত্তর ২৪ পরগণার হালিশহরের বাসিন্দা প্রীতির বিয়ে হয়েছিল। মৃতার দাদা অতুল সিংয়ের অভিযোগ, বিয়ের সময় পাত্র পক্ষর দাবি মেনে নগদ ১০ লক্ষ টাকা এবং দাবি মতো সোনার গহনা দেওয়া হয়েছিল।
অতুল জানান, "তারপরও শ্বশুরবাড়ির চাহিদা লেগেই ছিল। বাপের বাড়ি থেকে প্রায়শই টাকা আনার জন্য বোনকে চাপ দেওয়া হত। তাতে রাজি না হওয়ায় বোনের ওপর অত্যাচার করা হত। ওরাই বোনকে মেরে ঝুলিয়ে দিয়েছে।"
জানা গেছে, শুক্রবার গভীর রাতে প্রীতির শ্বশুরবাড়ি থেকে ফোন করে অতুলদের জানানো হয়, তাঁর বোন ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সেই সময় প্রীতির বাড়ির সকলে বিহারে এক আত্মীয়র বাড়িতে ছিলেন। সেখান থেকে ফিরে শনিবার রাতে প্রীতির স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই প্রীতির স্বামীকে আটক করেছে পুলিশ।