
কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রত্না চট্টোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়।
শেষ আপডেট: 28 February 2025 13:26
দ্য ওয়াল ব্যুরো: ডিভোর্সের মামলা লড়াই ব্যক্তি আক্রমণের (অবমাননাকর মন্তব্য) অভিযোগে তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) বিরুদ্ধে হাইকোর্টে (Calcutta High Court ) মামলা দায়ের করেছিলেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। ওই মামলায় রত্নার কৈফিয়ত চাইল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর এজলাসে চলছে মামলাটি। আদালত সূত্রের খবর, ওই মামলায় এদিন রত্নার আইনজীবীর কাছে বিচারপতি জানতে চেয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা বলেছেন সেজন্য রত্না চট্টোপাধ্যায় কি ক্ষমা চাইবেন নাকি কল্যাণের অভিযোগের ভিত্তিতে আদালত স্বতঃস্ফূর্ত পদক্ষেপ করবে?
দুপুর একটার মধ্যে এ বিষয়ে লিখিতভাবে জবাব দিহি করতে বলেছে আদালত। সূত্রের খবর, এরপরই পাল্টা পিটিশন জমা দিয়েছেন রত্নাদেবীর আইনজীবী। সেখানে নিজের বয়ানের সপক্ষে তিনি কিছু তথ্যও জমা দিয়েছেন বলে খবর।
ঘটনার সূত্রপাত, গত আট বছর ধরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে কলকাতার প্রাক্তন মহা নাগরিক শোভন চট্টোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের। নিম্ন আদালত ছাড়িয়ে সম্প্রতি ওই মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও। ওই মামলায় শোভনের হয়ে হাইকোর্টে লড়ছেন কল্যাণ। তারই জেরে বিতর্ক-বিবাদ।
এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী জয়দীপ কর ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেও আদালতে সওয়াল করতে গিয়ে বলেন, "রত্না চট্টোপাধ্যায় বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় 'পালটিখেয়েছেন' এটা কি ধরনের কথা? এটা কি রাজনৈতিক খেলা?"
প্রসঙ্গত গত ২২ ফেব্রুয়ারি এই মামলায় শোভনের হয়ে হাইকোর্টে সওয়াল করতে গিয়ে তৃণমূলের সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, 'রত্না প্রভাবশালী, ইচ্ছে করে শোভনকে ডিভোর্স দিচ্ছে না'!
এর পাল্টা হিসেবে সংবাদমাধ্যনে কিছু মন্তব্য করেছিলেন রত্না। রত্না দাবি করেছিলেন, "কল্যাণদাই বলেছিলেন শোভনকে ডিভোর্স দিবি না।" ওই প্রসঙ্গ টেনে এদিন আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, "একজন আইনজীবী তার ক্লায়েন্টকে পরামর্শ দিয়েছেন। সেগুলো নিয়ে এখন তার বদনাম করা হচ্ছে। এটা আইনের দৃষ্টিতে ফৌজদারি অপরাধের সমান। অবিলম্বে আদালত অবমাননার রুল জারি করুন।"
পাল্টা হিসেবে রত্না চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতকে বলেন, "কেন আদালতে সওয়াল করতে গিয়ে রত্না চট্টোপাধ্যায়ের বাবাকে কালারফুল পার্সন বলে কটাক্ষ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?"
এরপরই এ বিষয়ে রত্নার কৈফিয়ত জানতে চেয়েছে আদালত। শুক্রবার দুপুর ১টায় ফের বিচারপতির এজলাসে মামলার শুনানি হবে।