
ফাইল ছবি।
শেষ আপডেট: 3 November 2024 11:05
দ্য ওয়াল ব্যুরো: স্রেফ সন্দেহের বশে এক যুগলকে মারধরের অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। এমনকী সালিশি সভাও বসানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত হয় পুলিশও।
গত মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের জালালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শেরপুর গ্রামে। শনিবার রাতে সোশ্যাল মাধ্যমে কিছু ভিডিও প্রকাশ্যে আসে। তারপরই ঘটনাটি জানাজানি হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ জানিয়েছে, স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত মঙ্গলবার গ্রামের আমবাগানে এক যুবক ও যুবতীকে গল্প করতে দেখে পরকীয়া সন্দেহে মারধর করেন গ্রামবাসীদের একাংশ। এমনকী বিদ্যুতের খুঁটিতে বেঁধে ফেলা হয়। বসে সালিশি সভাও। খবর পেয়ে উদ্ধার গিয়ে আক্রান্ত হয় পুলিশ।
ওই তরুণী পুলিশকে জানিয়েছে, ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। পথে পরিচিত যুবকের সঙ্গে দেখা হওয়ায় দাঁড়িয়ে কথা বলছিলেন। দূর থেকে তা দেখে সন্দেহের বশে মারধর করা হয়। তরুণী পুলিশকে জানিয়েছেন, তাঁদের কোনও কথা শুনতেই চাওয়া হয়নি। স্রেফ সন্দেহের বশে পরকীয়া অপবাদ দিয়ে মারধর করা হয়।