
ফাইল ছবি
শেষ আপডেট: 17 April 2025 10:26
দ্য ওয়াল ব্যুরো: জেনারেল কামরাকে (General Compartment) মহিলা কামরা করার প্রতিবাদের বুধবারের পর বৃহস্পতিবারও রেল অবরোধ (Rail Blocked) করলেন নিত্যযাত্রীরা। এদিন শিয়ালদহের দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার লাইনের রাধানগর স্টেশনে ট্রেন অবরোধ করা হয়। স্বাভাবিকভাবেই অবরোধের ফলে সমস্যায় পড়েন অন্যান্য যাত্রীরা।
গত বছরের মাঝামাঝি সময়ে যাত্রীদের দাবি মেনে সব লোকাল ট্রেনের বগি সংখ্যা ৯ থেকে ১২ করা হয়েছে। এর মধ্যে মহিলা কামরা ২টি ও ভেন্ডার ২টি। সাধারণ কামরা এতদিন ছিল ৮টি। সম্প্রতি লোকাল ট্রেনের আরও একটি কামরাকে মহিলা কামরা করার জেরে সাধারণ কামরার সংখ্যা কমে সেই সাতে দাঁড়িয়েছে। রেলের এই সিদ্ধান্তেরই বিরোধিতায় সরব হয়েছেন অধিকাংশ যাত্রী। তার জেরে লাগাতার অবরোধ হচ্ছে।
যাত্রীদের অভিযোগ, লেডিস কামরা বাড়ানোর ফলে সাধারণ কামরায় চাপ বেড়েছে। সেখানে তিল ধারণের জায়গা নেই। অথচ লেডিস কামরা ফাঁকা থাকছে। কিন্তু সেখানে উঠলে জরিমানা দিতে হচ্ছে। তাঁদের দাবি, যদি মহিলা কামরা বাড়াতেই হয়, তাহলে রেল নতুন কামরা যোগ করুক। জেনারেল কামরাকে লেডিস কামরা করা যাবে না। এই ইস্যুতে বুধবার দক্ষিণ বারাসাত, জয়নগর ও বহুরু স্টেশনে চলেছে বিক্ষোভ। বৃহস্পতিবার রাধানগর স্টেশনে ট্রেন অবরোধ করলেন যাত্রীরা।
রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে নতুন মহিলা কামরা প্রত্যাহারের ঘোষণা না করা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যাত্রীরা। যদিও এ ব্যাপারে রেলের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে ক্ষুব্ধ যাত্রীদের আশ্বস্ত করে পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করেছেন রেলের কর্তারা।