সিপিএমের কেন্দ্রীয় কমিটি ও রাজ্য সম্পাদকমণ্ডলীতে জায়গা পেয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এখন যুব সংগঠনের গুরুভার ধ্রুবর কাঁধেই সঁপে দেইয়া হয়েছে।

মীনাক্ষী মুখোপাধ্যায় ও ধ্রুবজ্যোতি সাহা
শেষ আপডেট: 23 June 2025 19:30
দ্য ওয়াল ব্যুরো: ডিওয়াইএফআইয়ের (DYFI) ব্যাটন এতদিন ছিল তাঁরই হাতে। সিপিএমের (CPIM) যুব সংগঠনকে নতুন পরিচিতি দিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। জনমানসে তাঁর জনপ্রিয়তা রয়েছে। কিন্তু বয়স বড় বালাই। যে কারণে এবার সংগঠনের সভাপতিকেই রাজ্যসম্পাদকের দায়িত্বভার তুলে দিলেন। মুর্শিদাবাদের নেতা ধ্রুবজ্যোতি সাহা (Dhrubajyoti Saha) ডিওয়াইএফআই-এর নবনির্বাচিত সম্পাদক এখন তিনিই। মুখ বদলে কি আলাদা করে কোনও বদল চোখে পড়বে? দ্য ওয়ালকে সে ব্যাপারে ধ্রুব জানালেন, "আমরা মুখে বিশ্বাস করি না। যেভাবে দলগতভাবে কাজ করি সেইভাবেই কাজ চলবে।"
সিপিএমের কেন্দ্রীয় কমিটি ও রাজ্য সম্পাদকমণ্ডলীতে জায়গা পেয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এখন যুব সংগঠনের গুরুভার ধ্রুবর কাঁধেই সঁপে দেওয়া হয়েছে। গত শনিবার মুর্শিদাবাদের বহরমপুরে শুরু হয়েছিল যুব সংগঠনের রাজ্য সম্মেলন। সোমবার তা শেষ হয়। সেখানেই সিদ্ধান্ত হয়েছে তিনিই ডিওয়াইএফআই-এর নয়া রাজ্যসম্পাদক। সভাপতি নির্বাচিত হয়েছেন পূর্ব বর্ধমানের নেতা অয়নাংশু সরকার। সম্পাদক এবং সভাপতি পদে যে ধ্রুব-অয়নাংশু আসছেন সেটা কার্যত দলের অন্দরে নিশ্চিতই ছিল। স্বাভাবিকভাবেই এখন অনেকের মনে প্রশ্ন, ধ্রুব কি মীনাক্ষীর পথেই চলবেন নাকি যুবসমর্থকদের আরও এককাট্টা করতে নতুন কোনও চিন্তাভাবনা করবেন।
দ্য ওয়াল তাঁর সঙ্গে যোগাযোগ করলে তাঁর স্পষ্ট কথা, "ধারাবাহিকভাবে কাজ ও শিক্ষার দাবিতে লড়াই করে যাওয়াটা আমাদের কর্তব্য। সেটা ধারাবাহিকভাবে চলবে। রাস্তাতেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চলবে। আমাদের দলে মুখ বা একা ব্যক্তির কোনও বিষয় নেই। বরাবর গোটা দল কাজ করে এসেছে, আমার সময়ও তাই হবে। আগে যেভাবে সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলী কাজ করে এসেছিল, ভবিষ্যতেও তাই হবে। কোনও ব্যক্তি নয়, টিম আমাদের টিম কথা বলবে।"
গত কয়েক বছরে ডিওয়াইএফআইয়ের সবটাই মিনাক্ষীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। '২৪ সালের জানুয়ারিতে ভরা ব্রিগেড একপ্রকার বুঝিয়ে দিয়েছিল 'মীনাক্ষীদির' ডাকেই মাঠ ভরেছিল। কাজেই আলিমুদ্দিন থেকে শুরু করে অনেক নেতারাই এটা মেনে নিচ্ছেন, মীনাক্ষীর বৃত্ত থেকে যুব সংগঠনের বেরোতে কিছুটা সময়ই লাগবে।