
ফাইল ছবি।
শেষ আপডেট: 15 January 2025 21:34
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় বুধবার জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে বালুর জামিন মঞ্জুর করেছে কলকাতার নগর দায়রা আদালত।
সন্ধেয় প্রেসিডেন্সি জেল থেকে মুক্তি পেয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। দীর্ঘ ১৪ মাসের বেশি সময় জেলবন্দি থাকা নিয়ে জ্যোতিপ্রিয়র কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে বালু জামিন পেতেই ফের শাসকদলের নিশানায় কেন্দ্রীয় এজেন্সি।
'আইনি বিষয় নিয়ে রাজনৈতিক মন্তব্য হয় না' জানিয়েও এদিন সন্ধেয় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "আইনি ভাষায় বলতে হয়, জামিন মঞ্জুর করেছে মানে আদালত মনে করছে, তদন্তে অগ্রগতি নেই। তাকে আটকে রাখার প্রয়োজন নেই। কারণ, আটকে রাখার জন্যই আটকে রাখা হয়েছিল।"
রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের পর অতীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে একাধিকবার আদালতে দাবি করা হয়েছে, হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এ প্রসঙ্গে এদিন কুণাল বলেন, "আগেভাগেই হাজার হাজার কোটি টাকার দুর্নীতির কথা বলা হচ্ছিল। প্রথমে বিভিন্ন সূত্র মারফৎ বলে খবর ছড়ানো হয়। তাতে ধৃত ব্যক্তি, তার দল বা সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা কেন্দ্রীয় এজেন্সির তরফে আগেও দেখা গিয়েছে। এটা বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থর জন্যই করা হয়। পরে দেখা গিয়েছে তদন্তে অগ্রগতি নেই।"
এ প্রসঙ্গে কটাক্ষের সুরে কুণাল আরও বলেন,"হাজার হাজার কোটি টাকার গল্প আর ঘুরে ফিরে তথ্য প্রমাণ হয়ে সামনে আসে না! সূত্র বলে যে খবরগুলো ছড়িয়ে দেওয়া হয়, সেগুলোও চার্জশিটে উল্লেখ থাকে না!"
প্রসঙ্গত জ্যোতিপ্রিয় একা নন, এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলা থেকে জামিনে মুক্তি পেয়েছেন অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য -সহ শাসকদলের একাধিক নেতা-বিধায়ক। তৃণমূলের তরফে বরাবরই অভিযোগ করা হয়েছে, কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। একের পর এক জামিনের পর এবার এ বিষয়ে শাসকদল এজেন্সি ও বিজেপিকে এক বন্ধনীতে রেখে আক্রমণের সুর আরও চড়াবে বলেই মত পর্যবেক্ষকদের অনেকের।
পাল্টা হিসেবে বিরোধীদের তরফে বলা হচ্ছে, জামিনে মুক্তি মানে নির্দোষ প্রমাণিত হয়ে যাওয়া নয়।