
শেষ আপডেট: 18 September 2021 14:01
২০২০ সালের ডিসেম্বরে কেউ বা কারা একটা ছবি ফটোশপ করে বাজারে ছেড়ে দিয়েছিল। তাতে ছিল একটি বৈদ্যুতিন চ্যানেলের লোগো। সঙ্গে বাবুলের ছবি দিয়ে লেখা, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিতে চলেছেন। সেই বিকৃত ছবি নিজে পোস্ট করে বাবুল জানিয়েছিলেন, এটা ফেক ছবি। সেইসঙ্গে এও বলেছিলেন, তৃণমূলকে তিনি মন থেকে ঘৃণা করেন। রাজনীতি ছেড়ে দেবেন তবু ঠিক আছে। কিন্তু এমন হেডলাইন সংবাদমাধ্যমে হতে দেবেন না।
বাবুল এই টুইট করেছিলেন গত বছর ২৬ ডিসেম্বর। তখন ভরা শীত, বাবুল তখন কেন্দ্রে মন্ত্রী, বাংলায় ২০০ আসন জেতার স্বপ্নে বিভোর বিজেপি। তখন কি কেউ ভেবেছিলেন, এই ফটোশপ সত্যি করে পায়ে পায়ে বাবুল তৃণমূলে যোগ দেবেন!
আরও পড়ুনঃ বাবুল ‘ভেরি এক্সাইটেড’, কেন? জানালেন সাত প্রশ্নের জবাবে
একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে বিধানসভা ভোটের আগে বাবুল বলেছিলেন, “আমি বুদ্ধিজীবীদের মতো সুবিধাবাদী নই। আমি রীতিমতো বিজেপির পতাকা নিয়ে রাজনীতি করছি।” সেই স্ক্রিনশট তুলে ধরে কেউ কেউ লিখেছেন, “কাদম্বরী মরিয়া প্রমাণ করিয়াছিলেন, তিনি মরেন নাই। আর বাবুল সুবিধাবাদী হইয়া প্রমাণ করিলেন তিনি বুদ্ধিজীবী!”
এরসঙ্গে কেউ আবার আফগানিস্তান প্রসঙ্গও জুড়ে দিয়েছেন। একজন লিখেছেন, কাবুলের বদলের পর এবার বাবুলেরও বদল হল। মস্করার যেন শেষ নেই।
মন্ত্রিত্ব চলে যাওয়ার পর জুলাই মাসের ৩১ তারিখ বাবুল লিখেছিলেন, “সারা জীবন একটাই দলকে সাপোর্ট করেছি—মোহনবাগান। একটাই দল করেছি ভারতীয় জনতা পার্টি। এটাও স্পষ্ট করে দিতে চাই আমি অন্য কোনও রাজনৈতিক দলে জয়েনও করছি না।” এদিন বাবুল তৃণমূলে যোগ দেওয়ার পর ইস্টবেঙ্গল সমর্থকরা আবার টিপ্পনি কেটে বলছেন, “এবার সবচেয়ে বেশি চাপ মোহনবাগান সমর্থকদের!”

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'