
শেষ আপডেট: 17 April 2023 13:14
দ্য ওয়াল ব্যুরো: মাঠে কুড়িয়ে পাওয়া আহত সারসকে সেবা শুশ্রষা করে সারিয়ে তুলেছিলেন উত্তরপ্রদেশের বছর পঁয়ত্রিশের যুবক মহম্মদ আরিফ খান (Arif Khan)। তাঁদের বন্ধুত্বের কথা সকলের জানা। এবার আরও এক মানুষ-পাখির ব্যতিক্রমী বন্ধুত্বের (friendship) গল্প সামনে এসেছে। উত্তর প্রদেশের মৌ অঞ্চলের বারাইপার মালিক গ্রামের বাসিন্দা রামসামুজ যাদব মাঠে কাজ করার সময় ক্ষুধার্ত এক সারস (Sarus) পাখিকে খেতে দেন।
প্রথম কয়েকদিন পাখিটিকে খাওয়ানোর পর পাখিটি তাঁর কাছে মাঝে মাঝেই আসত। এই আসা-যাওয়ার মধ্যে দিয়েই অচিরেই তাদের বন্ধন আরও গভীর হয়। আরিফের মত রামসামুজ যাদবও সারসটির সঙ্গে খান, তাকে নিজের হাতে খাওয়ান। সম্প্রতি এই বন্ধুত্বের একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, 'উত্তর প্রদেশে একটি সারস এবং রামসামুজ যাদবের মধ্যে হৃদয়গ্রাহী বন্ধুত্ব।'
ভিডিওটিতে দেখা যায়, রামসামুজের সঙ্গে খেলছে সারস পাখিটি। বেশ স্বাচ্ছন্দ্যেই আছে। কখনও তাঁর দিকে দুই পাখা মেলে এগিয়ে যাচ্ছেন। কখনও বা তাঁর পিছনে দৌড়চ্ছে।
প্রসঙ্গত, বন্যপ্রাণ আইনে পাখি বাড়িতে রাখা বেআইনি। তাই আরিফের ভিডিওগুলি ভাইরাল হওয়ার পরই, বন বিভাগের কর্মকর্তারা পাখিটিকে নিয়ে যান এবং বন্যপ্রাণী সুরক্ষা আইনের বিভিন্ন ধারায় আরিফকে অভিযুক্ত করেন। আরিফ হারানো বন্ধুর সঙ্গে দেখা করার চেষ্টাও করেন কয়েকবার। অবশেষে ১৩ এপ্রিল কানপুর চিড়িয়াখানায় যান আরিফ। দেখা হয় বন্ধুর সঙ্গে। আর আরিফকে দেখেই স্পষ্টতই উচ্ছ্বাস প্রকাশ করে সেই সারস পাখিটি।